আয়কর বিবরণী জমার সময় আবারও বাড়ছে
দুই দফা সময় বাড়ানোর পর ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। হরতাল, অবরোধসহ রাজনৈতিক ডামাডোলের মধ্যে আয়কর বিবরণী জমা দিতে তেমন উৎসাহ নেই কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন)। অনেকেই ঝুঁকি নিয়ে বিবরণী দিতে আগ্রহী হচ্ছেন না। তাই দুই দফা সময় বাড়ানোর পর কাঙ্ক্ষিত রিটার্ন জমা পড়েনি বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এমন অবস্থায় আরেক দফা সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়তে পারে। ইতিমধ্যে সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আজ রোববার যেকোনো সময় এ ঘোষণা দেওয়া হবে।
এর আগে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানোর আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, হরতাল, অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারেনি।
নভেম্বর মাসে সারা দেশে সাত দিন হরতাল ও চার দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ ১৮-দলীয় জোট। এ ছাড়া বেশ কয়েক দিন আঞ্চলিকভাবেও হরতাল হয়েছে। এসব হরতাল, অবরোধে সহিংস কর্মকাণ্ডে প্রাণহানি হয়েছে। তাই ঝুঁকি থাকায় অনেক করদাতা বিবরণী জমা ও আনুষঙ্গিক কাজ করেননি। তাই তাঁরা এখন বিপাকে পড়েছেন।
এদিকে গতকাল শনিবার সোনারগাঁও হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সংক্রান্ত এক কর্মশালা শেষে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, আয়কর বিবরণী জমার সময় এক মাস বাড়ানোর চিন্তাভাবনা চলছে। ই-টিআইএন নিয়ে অনেক করদাতা জটিলতায় পড়েছেন। যেহেতু ৩১ ডিসেম্বরের মধ্যে ই-টিআইএন নিতে হবে, তাই ওই সময় পর্যন্ত রিটার্ন দাখিলের সময় থাকবে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর নিয়মিত সময়সীমা শেষ হওয়ার পর এনবিআর দুই দফায় এক মাস করে সময় বাড়িয়েছে। এনবিআরের সর্বশেষ হিসাবমতে, এ পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি করদাতা বার্ষিক রিটার্ন জমা দিয়েছেন। গত অর্থবছরে এ সংখ্যা ছিল১২ লাখের বেশি।