আয়কর বিবরণী জমার সময় আরও এক মাস বাড়ল
২০১৩-১৪ করবর্ষের ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দেওয়া যাবে। গতকাল রোববার এ সময় বাড়ানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উল্লেখ্য, দুই দফা এক মাস করে সময় বাড়ানোর পর গত ৩০ নভেম্বরই রিটার্ন জমার শেষ দিন ছিল। এ নিয়ে এবার এনবিআর তিনবারের মতো ব্যক্তি আয়কর বিবরণী জমার সময় বাড়াল।
বিগত এক দশকের মধ্যে এবারই করবর্ষের প্রথমার্ধ বা প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত রিটার্ন জমার সময় বহাল থাকল। সাধারণত করবর্ষের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নিয়মিত রিটার্ন জমার সময় থাকে।
হরতাল, অবরোধসহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঝুঁকি নিয়ে করদাতারা রিটার্ন জমা দিতে আগ্রহী হচ্ছেন না। আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আরও এক দফা সময় বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছে, রাজনৈতিক অস্থিরতায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া আয়কর বিবরণী জমার প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করতে পারছেন না ব্যবসায়ীরা।
এসব বিষয় বিবেচনায় এনে এনবিআর সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে এনবিআরের সময় বাড়ানোর আদেশে এসব বিষয় উল্লেখ করা হয়নি।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, এ পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি করদাতা বার্ষিক রিটার্ন জমা দিয়েছেন। গত অর্থবছরে ১২ লাখের বেশি রিটার্ন জমা পড়েছিল।