আয়কর বিবরণী জমার সময় এক মাস বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানোর দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। ব্যবসায়ী সংগঠন দুটি আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণের অনুরোধ জানিয়েছে।ডিসিসিআই: এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানিয়েছে, ইতিমধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কর প্রদানকারী সব প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি করদাতা আয়কর বিবরণী প্রদানের প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ঢাকা চেম্বারের সর্বাধিক সংখ্যক আয়কর দাতা এখন পর্যন্ত তাঁদের বিবরণী দাখিলের প্রয়োজনীয় কাজ শেষ করতে পারেননি।ডিসিসিআই বলেছে, মাসব্যাপী রোজা এবং ঈদের পরে এখন আবার দূর্গাপূজা সমাগত। এ জন্য কর দিতে ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে প্রস্তুতির জন্য কিছু সময়ের প্রয়োজন। এ বিষয়টি বিবেচনা করে এ আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হলে উৎসাহী করদাতারা কর প্রদানে সক্ষম হবেন।বিপিজিএমইএ: এক বিবৃতিতে আয়কর বিবরণী জমাদানের সময়সীমা এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে বিপিজিএমইএ। বিবৃতিতে সংগঠনটি বলেছে, পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও আসন্ন দুর্গাপূজার কারণে অনেক করদাতার পক্ষে সেপ্টেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে আয়কর বিবরণী দাখিল করা সম্ভব হয়ে উঠবে না। তাই আয়কর বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা প্রয়োজন। বিপিজিএমইএ মনে করে, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সমাজ আয়কর বিবরণী জমাদানের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। সময়সীমা বাড়লে বিবরণী দাখিল অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন হবে। চট্টগ্রাম চেম্বার: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তিনি এ ব্যাপারে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন।ফ্যাক্সবার্তায় চেম্বার সভাপতি বলেন, রমজান, ঈদ-উৎসব এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজার প্রস্তুতির কারণে করদাতাদের পক্ষে এত কম সময়ে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব নয়। তাই আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।তিনি জানান, সময় বাড়ানো হলে নতুন করদাতার পাশাপাশি রাজস্ব আয়ের পরিমাণও বেড়ে যাবে। তা না হলে চলমান রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হতে পারে।