আয়কর বিবরণী জমার সময় বাড়ল এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বেড়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত বিবরণী দাখিল করা যাবে।
গতকাল সোমবার সময় বাড়ানোর এ ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলত ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর সময় বাড়িয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল।
এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ পালন এবং ঈদুল আজহা ও দুর্গাপূজার কারণে বিভিন্ন কার্যালয় বন্ধ থাকায় রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিঘ্ন ঘটছে। তাই বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠনের নেতারা সময় বাড়ানোর অনুরোধ করেছেন। এ কারণে আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
এদিকে, বিগত তিন মাসে আয়কর বিবরণী জমায় তেমন একটা উৎসাহ নেই করদাতাদের। এবারই ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক হওয়ায় বিপুলসংখ্যক করদাতা এখনো রিটার্ন জমা করতে পারেননি।