প্রতিবারের মতো এবারও ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় বাড়ছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হতে পারে। মূলত ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মঙ্গলবার সময় বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেবে এনবিআর।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বরই আয়কর বিবরণী জমার সময় শেষ হচ্ছে। প্রতিবারই এক বা একাধিকার সময় বাড়ানো হয়। এটা অনেকটা নিয়মে পরিণত হয়েছে।
ঈদুল আজহা ও দুর্গাপূজার কারণে ব্যবসায়ীদের ব্যস্ততা রয়েছে। আর সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চল বন্যাকবলিত হয়েছে। এমন কারণ দেখিয়ে এবারও আয়কর বিবরণী জমার সময় বাড়ছে।
এদিকে বিগত তিন মাসে আয়কর বিবরণী জমায় তেমন একটা উৎসাহ নেই করদাতাদের। এবারই ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া রিটার্ন জমা নিচ্ছে না এনবিআর। তাই বিপুলসংখ্যক করদাতা এখনো রিটার্ন জমা করতে পারেননি। ইটিআইএন নিতে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে পুরোনো টিআইএনের বিপরীতে পুনর্নিবন্ধন নিতে হয়।
তাই অনেকে বিশেষ করে প্রবীণ করদাতারা বিপাকে পড়ছেন সবচেয়ে বেশি। ইন্টারনেট ব্যবহার করতে না পারায় ইটিআইএনের জন্য তাঁদের অনেককেই অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে। ফলে অনেকেই এখনো রিটার্ন জমা করতে পারছেন না।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সব বিভাগীয় শহর ও জেলায় অনুষ্ঠিত করমেলায় এবার এক লাখ ৪৯ হাজার ৩০৬ জন আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর আয়কর পাওয়া গেছে এক হাজার ৬৭৫ কোটি টাকা। গত বছর মেলায় এক লাখ ৩২ হাজার আয়কর বিবরণী জমা পড়েছিল। তবে এ বছর এখন পর্যন্ত সার্কেল কার্যালয়ে কী পরিমাণ বিবরণী জমা পড়েছে, সেই চূড়ান্ত হিসাব এখনো পায়নি এনবিআর। এনবিআরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সব মিলিয়ে তিন লাখের মতো আয়কর বিবরণী জমা পড়তে পারে।
সাধারণত প্রতিবছর অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর দেওয়ার সময় থাকে। কিন্তু প্রতিবারই এক বা একাধিকবার সময় বাড়ানো হয়। বেশির ভাগ সময় ব্যবসায়ীদের অনুরোধে এ সময় বাড়ানো হয়।
এ পর্যন্ত কোনো বছরই নির্দিষ্ট সময়ের (৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর) পরে সময় না বাড়ানোর নজির নেই। বছরের পর বছর এভাবে চলতে থাকায় সাধারণ করদাতাদের মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে গেছে, প্রতিবারই সময় বাড়বেই।
অথচ আয়কর অধ্যাদেশেই সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট উপকর কমিশনারের যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারেন করদাতা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উপকর কমিশনার চাইলে ওই করদাতাকে তিন থেকে ছয় মাস সময় বাড়িয়ে দিতে পারেন।
অন্যদিকে নির্দিষ্ট সময়ে আয়কর বিবরণী না জমা দিলে জরিমানা করার বিধানও রয়েছে অধ্যাদেশে। একসঙ্গে এক হাজার টাকা কিংবা প্রতি কর্মদিবসের জন্য ৫০ টাকা করে জরিমানা আরোপ করতে পারেন উপকর কমিশনার। প্রত্যেক টিআইএনধারীর আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। গত করবর্ষে প্রায় ১৩ লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। বর্তমানে প্রায় ১৮ লাখ টিআইএনধারী রয়েছেন।