আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পর আর বাড়ানো হবে না।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জোর দিয়েই এ কথা বলেছেন। এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আয়কর বিবরণী জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর। কারদাতাদের সুবিধার্থে ওই দিন শুক্রবার ছুটি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও কর বিভাগের সংশ্লিষ্ট সার্কেল অফিসগুলো খোলা রাখার ব্যবস্থা করা হবে। তবে এবার কোনো অবস্থাতেই এ সময়সীমা বাড়ানো হবে না।’ আজ বৃহস্পতিবার জাতীয় আয়কর দিবস-২০১১। দিবসটি উপলক্ষে ঢাকায় অফিসার্স ক্লাবে ব্যক্তিপর্যায়ের সর্বোচ্চ আয়কর প্রদানকারী তিনজনকে এবং দীর্ঘ মেয়াদে আয়কর প্রদানকারী হিসেবে দুজনকে আজ সম্মাননা দেওয়া হবে। রাজধানী ছাড়াও জেলা ও সিটি করপোরেশন পর্যায়েও এ সম্মাননা দেওয়া হবে।অনুষ্ঠানে জানানো হয়, আগামী শনিবার থেকে ছয় দিনব্যাপী আয়কর মেলা-২০১১ শুরু হবে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে একযোগে এই করমেলা অনুষ্ঠিত হবে।রাজধানীর আয়কর মেলাটি অনুষ্ঠিত হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। এতে ৮৫টি বুথ থাকবে। সেখান থেকে করদাতাদের তাৎ ক্ষণিকভাবে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদানসহ বার্ষিক বিবরণীও প্রস্তুত করে দেওয়া হবে। আয়কর পরিশোধব্যবস্থা সহজ করতে মেলায় সোনালী ও জনতা ব্যাংকের বুথের ব্যবস্থাও থাকবে। এবার নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্যও থাকবে আলাদা বুথ।চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম, রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, খুলনায় বয়রার কর ভবন চত্বর, সিলেটে সিলেট স্টেডিয়াম জিমনেসিয়াম, বরিশালে বরিশাল ক্লাব অডিটোরিয়াম ও রংপরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ছয় দিনব্যাপী এই আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এনবিআরের চেয়ারম্যান বলেন, গত বছর ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলায় ৫২ হাজার ৪৪০ জন করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। তখন ১১৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এবারের আয়কর মেলায় লক্ষাধিক নতুন করদাতা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। নাসির উদ্দিন আহমেদ জানান, আয়কর বিভাগে অটোমেশন বা স্বয়ংক্রিয় কার্যক্রম চালুর অংশ হিসেবে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে করদাতাদের আয়কর বিবরণী অনলাইনে জমা নেওয়া শুরু হয়েছে। এ ছাড়া অনলাইনে কর শনাক্তকরণ নম্বরের সনদ দেওয়ার জন্য এনবিআর একটি প্রকল্প হাতে নিয়েছে। ফলে ডিসেম্বরের পর অনলাইনে টিআইএন নম্বর দেওয়া সম্ভব হবে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে আয়কর বিবরণী জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হবে।এনবিআরের কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের প্রায় ৩০ লাখ টিআইএনধারী ব্যক্তি রয়েছেন। এর মধ্যে বছরে গড়ে ১০ লাখ টিআইএনধারী ব্যক্তি বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে থাকেন।