আয়কর বিবরণী জমার সময় বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর রিটার্ন বা বিবরণী জমা দেওয়ার সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেনের কাছে তিনি গত সোমবার পৃথক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানান।
চেম্বার সভাপতি তাঁর চিঠিতে বলেন, বিদ্যমান অর্থনৈতিক অবস্থা, পবিত্র ঈদুল আজহা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূজার কারণে বিপুলসংখ্যক করদাতার পক্ষে বর্তমান স্বল্পতম সময়ের মধ্যে আয়কর জমা দেওয়া সম্ভব হয়নি। তাই রিটার্ন দাখিলের সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময় শেষ হওয়ার আগেই আগামী ৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা এক দফা বাড়ানো হয়েছে।