আয়কর বিবরণী জমার সময় বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানোর সুপারিশ করেছে।গতকাল এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে লিখিতভাবে এফবিসিসিআই আবেদন জানিয়েছে। এফবিসিসিআই আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও আসন্ন দুর্গাপূজার কারণে অনেক করদাতার পক্ষে সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর বিবরণী দাখিল করা সম্ভব হয়ে উঠবে না।আয়কর-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সরকারকে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে প্রতিবছরের মতো এ বছরও সফলভাবে আয়কর দিবস পালন এবং ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে সফলতার সঙ্গে ‘আয়কর মেলা’ আয়োজনের জন্য এনবিআরকে অভিনন্দন জানিয়েছে। এ ধরনের আয়োজন করদাতা এবং কর আহরণকারীদের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যমে সুষ্ঠুভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া এনবিআর কর তথ্য ও সেবাকেন্দ্র চালু করায় করদাতারা অতি সহজে এবং ঝামেলামুক্তভাবে আয়কর সম্পর্কে বিভিন্ন ধরনের সেবা পাবেন।