আয়কর বিবরণী জমার সময় বাড়ানোর দাবি বিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানোর সুপারিশ করেছে। গতকাল সোমবার বিসিআইয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। রাজধানীর দিলকুশায় বিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান সভাপতিত্ব করেন বলে বিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আয়কর বিবরণী দাখিলের সময় বাড়ানোর দাবির সপক্ষে যুক্তি হিসেবে বিসিআই বলেছে, কিছুদিন আগে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ব্যস্ততা ছিল এবং এখন আসন্ন পূজা উপলক্ষে ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণী-পেশার মানুষের ব্যস্ততা চলছে। এ অবস্থায় বিসিআই সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে। সভায় বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান বলেন, ‘একসময় দেশের জনগণ মনে করতেন আয়কর মানে বোঝা, এক ধরনের শাস্তি, কিন্তু সময়ের পরিবর্তনে এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মানসিকতার পরিবর্তন আসছে। এখন জনগণ মনে করতে শুরু করেছে, আয়কর মানে সরকারকে সহযোগিতা করা। এর ফলে আরও কিছু সময় প্রয়োজন বলে আমার বিশ্বাস।’সভায় কর আদায়ের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সরকারকে ধন্যবাদ জানান। শামসুর রহমান আরও বলেন, দেশের মানুষ কর দিতে আগ্রহী, তবে এ ক্ষেত্রে সরকারের ব্যাপক সহযোগিতা প্রয়োজন, জিডিপিতে কর আদায় বৃদ্ধি করতে হলে আয়কর বিবরণী দাখিল সহজতর করতে হবে এবং মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।শামসুর রহমান দেশের বিভাগীয় শহরে সম্প্রতি অনুষ্ঠিত ‘আয়কর মেলা’ করদাতা ও কর সংগ্রহকারীদের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যমে সুষ্ঠুভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।