আয়কর বিবরণী জমার সময়সীমা বাড়ানোর দাবি
আয়কর রিটার্ন বা বিবরণী দাখিলের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সুপারিশও পাঠিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।
প্রসঙ্গত, চলতি বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
এফবিসিসিআই গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং দুর্গাপূজা উৎসবের কারণে ব্যবসায়ী করদাতাসহ সব শ্রেণির আয়করদাতার পক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর পরিশোধ করা সম্ভব হবে না। সে কারণেই আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো প্রয়োজন।
ব্যবসায়ীদের এই সংগঠনটি আরও বলেছে, আয়কর খাতে রাজস্ব আদায় এবং কর-জিডিপি অনুপাত বাড়ানোর প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডকে এখনকার মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন ব্যবসায়ীরা।