আয়কর বিবরণী দাখিলের আজ শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। আজ শেষদিনে রাত আটটা পর্যন্ত সব কর কার্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এনবিআরের সূত্র জানিয়েছে, সময়সীমা বাড়ানোর ঘোষণা আজকে সন্ধ্যায় আসতে পারে। সে ক্ষেত্রে বিবরণী দাখিলের সময় আরও দুই সপ্তাহ বাড়ানো হতে পারে।অন্যদিকে গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও করদাতাদের সুবিধার্থে সব কর কার্যালয় ও ব্যাংকের গুরত্বপূর্ণ শাখা খোলা ছিল। আর কর কার্যালয়গুলোতে করদাতাদের বেশ ভিড়ও ছিল। এনবিআরের সর্বশেষ হিসাবমতে, গত বৃহস্পতিবার পর্যন্ত দুই লাখ ৮১ হাজার আয়কর বিবরণী জমা পড়েছে। গতবার একই সময়ে দুই লাখ ৩১ হাজার আয়কর বিবরণী জমা পড়েছিল। আর এবার আরও প্রায় দেড় লাখ করদাতা তাঁদের আয়কর বিবরণী জমার সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। প্রতিবারই আয়কর বিবরণী জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা সেপ্টেম্বর মাসের পরও তা বাড়ানো হয়। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন সময় বাড়ানোর দাবি জানিয়েছে। বিশেষ করে কর অঞ্চল পুনর্বিন্যাস করায় অনেকের অধিক্ষেত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এ-সংক্রান্ত তথ্য ঠিকমতো না জানায় আয়করদাতাদের হয়রানি বাড়ছে।এনবিআরের ওয়েবসাইটে কর অঞ্চল পুনর্বিন্যাসসংক্রান্ত তথ্য প্রদানের কথা থাকলেও তা গতকাল সন্ধ্যা পর্যন্ত মেলেনি। তবে এনবিআরের ওয়েবসাইটে আলাদা লিংকে অধিক্ষেত্র রয়েছে। কিন্তু সেখানে অধিক্ষেত্র জানতে ব্যবহারকারীকে ই-মেইল দিয়ে নিবন্ধন নিতে হয়। যাঁদের কোনো ই-মেইল নেই তাঁরা এই লিংকে নিবন্ধন নিতে পারছেন না। আর নিবন্ধন নিয়ে অধিক্ষেত্র জানার প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল বলে জানান অনেক করদাতা। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে জানান, কেউ যদি তাঁর অধিক্ষেত্র জানতে না পারেন, তবে এনবিআরসহ সংশ্লিষ্ট কর অঞ্চলের সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিতে পারেন। করদাতাদের এ ধরনের সহায়তা দিতে প্রতিটি সহায়তা কেন্দ্রের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।সারা দেশে এখন কর সার্কেলের সংখ্যা ৬৪৯। আগে সারা দেশে ৩০৩টি কর সার্কেল ছিল। কর সার্কেল দ্বিগুণ করে প্রায় ৩৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারীকে (টিআইএন) অধিভুক্ত করা হয়েছে। এর ফলে অর্ধেকের বেশি করদাতার কর অঞ্চল পরিবর্তন হয়ে গেছে।