আয়কর বিবরণী দাখিলের সময় বাড়ছে ১ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে রাজনৈতিক ডামাডোলের মধ্যে চলতি সপ্তাহে আয়কর বিবরণী জমা দেওয়ার তেমন উৎসাহ নেই কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন)।
এই অবস্থায় বিবরণী দাখিলের সময় আরও এক মাস বাড়তে যাচ্ছে। এ জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সময় বাড়ানোর সারসংক্ষেপ পাঠানো হয়েছে। আজকে এ বিষয়ে ঘোষণা আসবে।
প্রথম দফায় এক মাস সময় বাড়ানোর পর এবার গতবারের অর্ধেক বিবরণীও জমা পড়েনি বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
৩০ সেপ্টেম্বর নিয়মিত সময়সীমা শেষ হওয়ার পর এনবিআর এক মাস সময় বাড়িয়েছিল। কিন্তু চলতি মাসে ঈদুল আজহা ও পূজার ছুটি ছিল। সারা দেশে তিন দিনসহ আঞ্চলিক পর্যায়ে বেশ কয়েক দিন হরতাল ছিল রাজনৈতিক দলগুলোর। এ কারণে অনেক করদাতা তাঁদের বার্ষিক রিটার্ন জমা দিতে পারেননি। এক দফা সময় বাড়ানোর পর এ পর্যন্ত প্রায় ছয় লাখ করদাতা বার্ষিক রিটার্ন জমা দিয়েছেন। গত অর্থবছরে ১২ লাখের বেশি রিটার্ন জমা পড়েছিল।
এ বছর রিটার্ন জমা দিতে গিয়ে ই-টিআইএন নিয়েও জটিলতায় পড়েছেন করদাতারা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-টিআইএন করার সময় থাকলেও চলতি করবর্ষের (২০১৩-১৪) রিটার্ন জমার সময়ই তা করে নিতে চায় এনবিআর। তাই রিটার্ন জমার সময় ইটিআইএনের জন্য আলাদা ফরম পূরণ করতে হচ্ছে করদাতাকে।