আয়কর বিবরণী দাখিলের সময় বাড়ল আরও ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সময় আরও ১৫ দিন বাড়ল। ১৫ নভেম্বর পর্যন্ত বিবরণী জমা দেওয়া যাবে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সময় বাড়ানোসংক্রান্ত নথিতে প্রধানমন্ত্রীর অনুমোদন নেন। এক দফা সময় বাড়ানোর পর গতকাল বুধবারই ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হয়েছে। আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা ছিল গত ৩০ সেপ্টেম্বর। এরপর এক মাস সময় বাড়ানো হয়েছিল। এবার মূলত ঈদ ও পূজার কারণে সরকারি ছুটি থাকায় কর্মদিবস কমে যাওয়ায় এবার সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। আবার কর অঞ্চল পুনর্বিন্যাসে করদাতাদের হয়রানি বেড়েছে। সময় বাড়ানোর কারণ হিসেবে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর অনুবিভাগের সাম্প্রতিক সম্প্রসারণ ও পুনর্গঠনের কারণে অধিকাংশ করদাতার আয়করসংক্রান্ত অধিক্ষেত্র পরিবর্তিত হয়েছে। করদাতাদের সুবিধার্থে ইতিমধ্যে গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার, এনবিআরের ওয়েবসাইট, আয়কর মেলা আয়োজন ও সেবাকেন্দ্রের মাধ্যমে তা অবহিত করা হয়েছে। এ ছাড়া পবিত্র হজ পালন উপলক্ষে অনেক করদাতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় এবং পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উদ্যাপনের জন্য অনেক করদাতা ব্যস্ত থাকায় আয়কর রিটার্ন দাখিলে বিঘ্ন ঘটেছে মর্মে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং বিভিন্ন ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনবিআরকে অবহিত করা হয়েছে।এনবিআরের প্রাথমিক হিসাবমতে, গত মঙ্গলবার পর্যন্ত প্রায় ছয় লাখ কর শনাক্ত নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে এক হাজার ৪৮৭ কোটি টাকা।