আয়কর বিবরণী দাখিলের সময় বাড়ল এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় এক মাস বাড়ল। ফলে ৩১ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ঘোষণা দিয়েছে। অন্যবারের মতো এবারও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন সময় বাড়ানোর দাবি করেছে। গতকালই শেষ হয়েছে আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা। এবার মূলত তিনটি কারণে আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন। প্রথমত, কর অঞ্চল পুনর্বিন্যাস করায় করদাতারা অনেকেই সমস্যায় পড়েছেন। দ্বিতীয়ত, বিপুলসংখ্যক করদাতা পবিত্র হজব্রত পালন করতে গেছেন। তৃতীয়ত, গত আগস্ট মাসে ১৪ দিন সরকারি ছুটি ছিল। এতে কর্মদিবস কমেছে। গতকাল সকালে সময় বাড়ানো নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর হেয়ার রোডের বাসভবনে এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় অর্থমন্ত্রী সময় বাড়ানোর নথিতে অনুমোদন দেন।পরে এনবিআরের আয়কর বিভাগের সদস্য এম এ কাদের সরকার সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আর কর অঞ্চল পুনর্বিন্যাসের কারণে করদাতাদের অসুবিধা হচ্ছে।’ তবে বর্ধিত সময়ের মধ্যে আয়কর বিবরণী জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা হবে বলে তিনি জানান। এদিকে গতকালও কর অঞ্চলগুলোতে করদাতাদের ভিড় পরিলক্ষিত হয়। সকাল থেকেই অনেক করদাতা তাঁদের আয়কর বিবরণী জমা দিতে সার্কেল কার্যালয়ে উপস্থিত হন। তবে অনেক করদাতা তাঁদের কর সার্কেল কার্যালয়ে গিয়ে জানতে পারেন, সার্কেল পরিবর্তন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন তাঁরা।