আয়কর বিবরণী দাখিলের সময় শেষ হচ্ছে আজ
এক দফা সময় বাড়ানোর পর আজ রোববার শেষ হচ্ছে ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়। আজ রাত আটটা পর্যন্ত করদাতারা তাঁদের বিবরণী জমা দিতে পারবেন। এ জন্য আয়কর বিভাগের মাঠপর্যায়ের সব সার্কেল অফিস খোলা থাকবে।২ অক্টোবর আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হয়েছিল। এরপর বিশেষ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৬ অক্টোবর পর্যন্ত সময় বাড়ায়।এনবিআর সূত্রে জানা গেছে, গত বুধবার পর্যন্ত সাড়ে আট লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন। এতে এনবিআরের রাজস্ব প্রাপ্তি হয়েছে প্রায় সাড়ে এগারো শ কোটি টাকা।আয়কর বিভাগের একজন সদস্য প্রথম আলোকে জানান, আপাতত সময় বাড়ানোর কোনো পরিকল্পনা এনবিআরের নেই। তবে কোনো টিআইএনধারীর প্রয়োজন হলে যৌক্তিক কারণ দেখিয়ে সংশ্লিষ্ট অফিস থেকে কিছু সময় বাড়িয়ে নিতে পারবেন। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, করযোগ্য আয় থাকুক আর না থাকুক, টিআইএনধারীর বার্ষিক রিটার্ন বা আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এ পর্যন্ত বিভিন্ন কর অফিস থেকে প্রায় ৩০ লাখ টিআইএন ইস্যু করা হয়েছে। অর্থাৎ দেশের টিআইএনধারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। এঁদের সবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে জেল-জরিমানার বিধানও রয়েছে আয়কর অধ্যাদেশে। জানা গেছে, দেশে মোট টিআইএনধারীর মাত্র এক-তৃতীয়াংশ তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেন। গত কয়েক বছরের পরিসংখ্যানে তা উঠে এসেছে। গত বছর এক দফা সময় বাড়ানোর পর ৭ অক্টোবর পর্যন্ত নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএনধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। তবে এই হিসাবের মধ্যে ব্যক্তিগত বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদনকারীদের সংখ্যা অন্তর্ভুক্ত ছিল। আর নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা দিয়েছিলেন ছয় লাখ ৭৫ হাজার ২৪২ জন টিআইএনধারী। এর আগে ২০০৯-১০ করবর্ষে ১২ নভেম্বর পর্যন্ত বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল। সে বছর মোট সাত লাখ ৫৭ হাজার ৯৬৪ জন টিআইএনধারী বিবরণী জমা দেন। এর আগের করবর্ষে সারা দেশে ছয় লাখ ৬০ হাজার জন বিবরণী দাখিল করেছিলেন। আর ২০০৭-০৮ করবর্ষে ছয় লাখ ৩৩ হাজার টিআইএনধারী তাঁদের আয়কর বিবরণী দাখিল করেন। নতুন করদাতার সন্ধান কার্যক্রমে জরিপ চালিয়ে যাচ্ছে এনবিআর। এর পাশাপাশি তাৎক্ষণিক করযোগ্য ব্যক্তিদের নথি খুলে আয়কর নেওয়া (স্পট এসেসমেন্ট) হয়। এই কার্যক্রমের আওতায় গত অর্থবছরে চার লাখ নতুন করদাতাকে টিআইএন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বছর শেষে সোয়া দুই লাখ নতুন করদাতা পাওয়া গেছে। আবার এই কার্যক্রমের আওতায় শুধু নতুন করদাতা সন্ধান করা হয়। কিন্তু চিহ্নিত করদাতারা তাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেন কি না, তা নজরদারি করা হয় না। ২০০৮-০৯ অর্থবছর থেকে এনবিআর এই জরিপ শুরু করেছে।