আয়কর বিবরণী দাখিলের সুযোগ মেলায়
আয়কর মেলায় ওয়ানস্টপ সেবায় আয়কর বিবরণী জমা ও কর পরিশোধ করা যাচ্ছে। এ জন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) এবং আয়ের হিসাব বিবরণী লাগবে। মেলার দ্বিতীয় দিনে গতকাল সোমবার আয়কর বিবরণী দাখিলের জন্য উল্লেখযোগ্য সংখ্যক করদাতা ভিড় জমান। তাঁরা এর প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলায় আয়কর বিবরণী ফরম প্রদান, ফরম পূরণ, চালান বা পে-অর্ডার করাসহ যাবতীয় সুবিধাই রয়েছে। কর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। প্রথমে মেলায় এসে একজন করদাতাকে তাঁর টিআইএনে থাকা নম্বরটি দিয়ে নিজের কর অধিক্ষেত্র খুঁজে বের করতে হবে। এ বছর কর অধিক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন কর অধিক্ষেত্র চিহ্নিত করতে মেলায় বেশ কিছু বুথ রয়েছে, যেখান থেকে অধিক্ষেত্র চিহ্নিত করে দেওয়া হয়। করদাতা তাঁর ‘টিআইএন’টি নিয়ে সেসব বুথে যোগাযোগ করলেই কর অঞ্চল ও সার্কেল জানতে পারবেন।এরপর সহায়তা ডেস্কে গিয়ে আয়কর বিবরণী ফরম নিতে হবে। এই ফরম পূরণে প্রয়োজনে সহায়তা ডেস্কে থাকা রাজস্ব কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে। করদাতা নিজের আয়-ব্যয়ের বিবরণী হিসাব নিকাশ করে করযোগ্য কি না তা নির্ধারণ করবেন। ডেস্কের কর্মকর্তারা সহায়তা করবেন। যদি করদাতা করযোগ্য হন, তবে মেলায় সমপরিমাণ করের অর্থ পরিশোধ করতে পারবেন। এ জন্য তাঁকে যেতে হবে মেলায় থাকা সোনালী ও জনতা ব্যাংকের বিশেষ বুথে। সেখান থেকে সমপরিমাণ করের অর্থ ট্রেজারি চালান বা পে-অর্ডার করতে হবে। করের পরিমাণ ১০ হাজার টাকার কম হলে ‘চালান’ করতে হবে। আর ১০ হাজার টাকার বেশি হলে পে-অর্ডার করতে হবে।এরপর করদাতাকে পূরণকৃত আয়কর বিবরণী ও পে-অর্ডার বা চালানের কপি নিয়ে অফিসার্স ক্লাব ভবনের দোতলায় যেতে হবে। সেখানে আয়কর গ্রহণ বুথে গিয়ে ফরম ও পে-অর্ডার বা চালানের কপি জমা দিতে হবে। এই বুথ থেকে করদাতাকে একটি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। স্বীকারপত্রটি হলো আয়কর প্রদানের প্রামাণিক দলিল। আয়কর বিবরণী সার্বজনীন স্বনির্ধারণী ও সাধারণ—এই দুটি পদ্ধতি পূরণ করা যায়। করদাতা যদি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দেন, তা হলে এনবিআর সংশ্লিষ্ট করদাতার কর নির্ধারণটি চূড়ান্ত বলে ধরে নেবে। আর সাধারণ পদ্ধতিতে আয়কর বিবরণী জমা দেওয়া হলে এনবিআর কর্মকর্তারা চাইলে আয়কর বিবরণীর নথি যাচাই-বাছাই করতে পারেন। কোনো করদাতা যদি চাকরিজীবী হন, আর বেতনের অর্থ ছাড়া আর কোনো আয়ের উৎস না থাকে, তবে এক বছরের ব্যাংকের হিসাব বিবরণী আনতে হবে। আর স্থায়ী আমানত (এফডিআর) থাকলে সুদ বাবদ কত অর্থ পেয়েছেন তাও ব্যাংকের হিসাব বিবরণীতে থাকতে হবে। অন্য কোনো উৎস থেকে আয় থাকলে তার দালিলিক কাগজপত্র আনতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাতা, বোনাস, ছুটি ভাতা, সম্মানী, পুরস্কার, ওভার টাইম ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, ছুটি নগদায়নে অর্থ, স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদার অর্থ পুরোটাই করযোগ্য। তবে যাতায়াত ভাতার বার্ষিক ২৪ হাজার টাকা পর্যন্ত করমুক্ত, বাকি অর্থ করযোগ্য। আর বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫০ শতাংশ বা এক লাখ ৮০ হাজার টাকার মধ্যে যেটি কম হবে তত পরিমাণ অর্থ করমুক্ত থাকবে। এ ছাড়া চিকিৎসা ভাতার অর্থ খরচ না হলে সেই অর্থের ওপর কর দিতে হবে। আবার কোনো করদাতা যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তা কর্তৃক গাড়ি পান তবে মূল বেতনের সাড়ে সাত শতাংশ নিট করযোগ্য হবেন। তবে পেনশনের অর্থ পুরোপুরি করমুক্ত। ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয় দুই লাখ টাকা পর্যন্ত করমুক্ত রয়েছে। দুই লাখ টাকার পর প্রথম তিন লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী তিন লাখ টাকার জন্য ২০ শতাংশ এবং বাকি অর্থের ওপর ২৫ শতাংশ হারে আয়কর দেওয়ার বিধান রয়েছে। তবে নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়স্ক করদাতাদের ক্ষেত্রে করমুক্ত সীমা আড়াই লাখ টাকা।