আয়কর মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্ষম জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘আয়কর মেলা-২০১০’। ঢাকা ও চট্টগ্রামে পৃথকভাবে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার মেলা শুরু হবে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।রাজধানীতে মেলাটি আয়োজন করা হয়েছে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। আর চট্টগ্রামের মেলাটি অনুষ্ঠিত হবে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে। এটি উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।এনবিআর সূত্র জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রাঙ্গণে ঢুকতে কোনো প্রবেশমূল্য লাগবে না। ঢাকা ও চট্টগ্রামের ব্যক্তি বা কোম্পানি পর্যায়ের করদাতারা মেলাতেই তাঁদের আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এ জন্য মেলার প্রাঙ্গণে সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথ সার্বক্ষণিক খোলা থাকবে। করদাতারা চাইলে এসব বুথেই তাঁদের আয়কর জমা দিতে পারবেন।মেলায় নতুন করদাতাদের জন্য থাকছে তাৎক্ষণিকভাবে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ দেওয়ার ব্যবস্থা। একই সঙ্গে তাঁদের আয়কর বিবরণী ফরম, ফরম পূরণের নির্দেশিকা, আয়কর সম্পর্কে তথ্য কণিকা প্রভৃতি সরবরাহ করা হবে। মেলায় বিভিন্ন সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) সংবলিত পোস্টার প্রদর্শন করা হবে।এ ছাড়া করদাতাদের আয়কর বিবরণী পূরণে সহায়তার জন্য থাকছে আয়কর কর্মকর্তা পরিচালিত সাহায্য কেন্দ্র বা হেলপ ডেস্ক। বিবরণী পূরণে কেউ অসুবিধায় পড়লে এই ডেস্কের সহযোগিতা নেওয়া যাবে। এমনকি কেউ চাইলে মেলার প্রাঙ্গণ থেকেই এনবিআরের ওয়েবসাইটে বিদ্যমান কর ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই নিজের করের হিসাব বের করতে পারবেন। এ জন্য মেলায় ইন্টারনেট, কম্পিউটার প্রিন্টার, ফটোকপিয়ারের সুবিধা রাখা হচ্ছে।এর বাইরে মহিলা করদাতা, প্রতিবন্ধী ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেলায় পৃথক কাউন্টার থাকবে। থাকছে গাড়ি পার্কিং ও হালকা খাবারের বন্দোবস্ত।এ ব্যাপারে যোগাযোগ করা হলে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জনগণকে কর প্রদানে উৎসাহিত করতেই পরীক্ষামূলকভাবে এ মেলার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে কর বিভাগ সম্পর্কে জনমনে যে ভয়ভীতি রয়েছে, তা অনেকাংশে দূর হবে। কারণ, মেলায় একজন করদাতা একটি জায়গা থেকেই কোনো ধরনের হয়রানি ছাড়াই কর প্রদান করতে পারবেন।’নাসিরউদ্দীন আহমেদ আরও বলেন, ‘ভারতের বেঙ্গালুরুতে করদাতাদের উৎসাহিত করতে এ ধরনের মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যাপক সাড়া পাওয়া যায়। এখানে আমরা তাদের সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাচ্ছি।’এনবিআরের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে আয়কর বাবদ সরকার ১৭ হাজার ১৭ কোটি টাকার রাজস্ব পেয়েছে। আয়করের ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৩০ শতাংশ।আর ২০০৮-০৯ অর্থবছরে আয়কর বাবদ আদায় হয়েছিল ১৩ হাজার ৮৫৭ কোটি ৭৪ লাখ টাকা। এটি ছিল তার আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।