আয়কর মেলার দ্বিতীয় দিনে প্রচণ্ড ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর মেলার দ্বিতীয় দিনে করদাতাদের ভিড় আরও বেড়েছে। রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল সোমবার সরেজমিন দেখা গেছে মেলার প্রবেশমুখে করদাতাদের দীর্ঘ লাইন। তাঁদের একে একে মেলা প্রাঙ্গণের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ভেতরে ভিড়ের চাপ সামলাতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন আয়োজকেরা।করদাতারা বলছেন, ঘুষ ও হয়রানি এড়াতেই তাঁরা মেলায় এসে কর দিচ্ছেন। কিন্তু মেলার পরিসর ছোট হওয়ায় তাঁদের নতুন করে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই মেলার মেয়াদ ও পরিসর বাড়ানোর সুপারিশ করেছেন করদাতারা। মেলা প্রাঙ্গণে কথা হয় করদাতা রিয়াজুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সার্কেলে গিয়ে কর দিতে ঘুষ বাধ্যতামূলক। তারপর সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকারপত্রও পাওয়া যায় না। এ ছাড়া লম্বা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এসব হয়রানি থেকে মুক্তি পেতে এবং সহজে আয়কর বিবরণী ফরম জমা দিতে মেলাতে এসেছি।’ কিন্তু মেলাতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখে কিছুটা হতাশ তিনি। করদাতা আবুল হোসেন বলেন, মেলায় লোকজনের উপস্থিতি দেখে মনে হচ্ছে দেশের মানুষ কর দিতে চান। হয়রানির আশঙ্কায় তাঁরা আগ্রহী হন না। মেলায় যে মানসিকতা নিয়ে কর্মকর্তারা সেবা দিচ্ছেন, সেটা যদি সারা বছর বজায় রাখা যেত, তাহলে আরও বেশি মানুষ কর দিতে আগ্রহী হতেন। তিনি অনলাইনে কর দেওয়ার বিষয়টিকে আরও জনপ্রিয় করার আহ্বান জানান। ঢাকা ও চট্টগ্রামে পৃথক দুটি আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। উভয় এলাকার ব্যক্তি বা কোম্পানি পর্যায়ের করদাতারা মেলা থেকেই তাঁদের আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারছেন। এ জন্য মেলা প্রাঙ্গণে সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথ খোলা হয়েছে। এ ছাড়া নতুন করদাতাদের জন্য রয়েছে তাৎক্ষণিকভাবে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ নেওয়ার ব্যবস্থা। একই সঙ্গে তাঁদের আয়কর রিটার্ন ফরম, ফরম পূরণের নির্দেশিকা, আয়কর সম্পর্কে তথ্যকণিকা প্রভৃতি সরবরাহ করা হচ্ছে। করদাতাদের রিটার্ন পূরণে সহায়তার জন্য রয়েছে আয়কর কর্মকর্তা পরিচালিত সাহায্যকেন্দ্র বা হেলপ ডেস্ক। এসব ডেস্কের সামনে সব সময়ই ভিড় লেগে থাকছে। আয়কর কর্মকর্তারা জানান, তাঁরা ব্যক্তি আয়করদাতাদের বিভিন্ন ধরনের জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করছেন। তাঁদের আয়কর বিবরণী দাখিলে সহায়তা করছেন।তবে অনেক করদাতাই যথাযথ প্রস্তুতি নিয়ে না আসায় মেলায় আয়কর বিবরণী দাখিলের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বলে কর কর্মকর্তারা জানান। একজন উপ-কর কমিশনার জানান, আয়-ব্যয়সংক্রান্ত কাগজপত্র ও দলিলাদি ছাড়া বিবরণী গ্রহণ করা মুশকিল। তাতে করদাতাই পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। অবশ্য করদাতাদের মেলা প্রাঙ্গণ থেকে এনবিআরের ওয়েবসাইটে বিদ্যমান কর ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই নিজের করের হিসাব বের করার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য মেলায় ইন্টারনেট, কম্পিউটার প্রিন্টার, ফটোকপিয়ার সুবিধাও রয়েছে। কিন্তু মেলায় করদাতারা ক্যালকুলেটর ব্যবহারের প্রতি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। এ ব্যাপারে জাতীয় কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায় বলেন, মেলায় মানুষ হেলপ ডেস্কের সাহায্যে রিটার্ন পূরণ করতে পারছেন। সে জন্য হয়তো তাঁদের আগ্রহ কিছুটা কম। কিন্তু উদ্বোধনের পর এ পর্যন্ত প্রায় ১৭ হাজারের বেশি মানুষ কর ক্যালকুলেটর ব্যবহার করেছেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলার দ্বিতীয় দিন পর্যন্ত ঢাকায় নতুন আয়করদাতা হিসেবে এক হাজার ৭৫৩ জন টিআইএনভুক্ত হয়েছেন; পাঁচ হাজার ৯৩টি বিবরণী জমা পড়েছে; এবং আয়কর বাবদ ১২ কোটি ৩৬ লাখ টাকা আদায় হয়েছে।অন্যদিকে চট্টগ্রামে মেলার দ্বিতীয় দিন পর্যন্ত নতুন আয়করদাতা হিসেবে ৩৪৬ জন টিআইএনভুক্ত হয়েছেন; তিন হাজার ৮৩২টি বিবরণী জমা পড়েছে এবং আয়কর বাবদ এক কোটি ৩৬ লাখ টাকা আদায় হয়েছে।