শাহজাহানপুরের প্রবীণ করদাতা আবদুল হাই আয়কর মেলায় এসে সরকারের প্রাপ্য রাজস্ব মিটিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বয়স হয়ে যাওয়ায় কর অফিস কিংবা আইনজীবীর কাছে দৌড়াদৌড়ি করতে পারি না। তাই করমেলায় এসে একবারেই সব কাজ শেষ করতে চাই।’ মেলাতে এসেছিলেন বেসরকারি ব্যাংকে কর্মরত রামপুরার রিয়াজ আহমেদ। তিনি মেলায় রিটার্ন জমা দেন। তিনি জানান, মেলায় রিটার্ন জমা দিলে ‘ওয়ান স্টপ’ (এক জায়গাতে সব) সেবা পাওয়া যায়। আর সার্কেল অফিসে রিটার্ন দিতে গেলে নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। তাই ছুটির দিনেই রিটার্ন জমা দিতে এসেছেন তিনি। এভাবে ঢাকাসহ সারা দেশের ছয়টি বিভাগীয় শহরে এবারের আয়কর মেলায় গতকাল শনিবার রাজস্ব আদায় হয়েছে প্রায় ১১ কোটি ৬২ লাখ টাকা। বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন চার হাজার ১৪৮ জন। আর নতুন করদাতা হিসেবে আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন এক হাজার ২৩৪ জন।আর ঢাকার আয়কর মেলায় গতকাল দুই হাজার ৯৫৯ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ২১ লাখ চার হাজার ৫০৯ টাকা। কর তালিকায় নতুন করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেন ৩৮৮ জন।ছয় দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরে এই আয়কর মেলা গতকাল থেকেই শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই মেলার আয়োজন করছে। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এই মেলা আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিন গতকাল দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে নিজেদের প্রয়োজনীয় আয়করসংক্রান্ত তথ্য সংগ্রহসহ বার্ষিক বিবরণী জমা দিয়েছেন তাঁরা। ঢাকায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার কাদের সরকার। উপস্থিত ছিলেন এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিম, বশির উদ্দিন আহমেদ প্রমুখ। কর অফিস সম্পর্কে করদাতাদের ভয়ভীতি ও হয়রানি দূর করার আহ্বান জানিয়ে এইচ টি ইমাম বলেন, কর প্রদান-প্রক্রিয়া সম্পর্কে করদাতাদের মধ্যে সচেতনতার অভাবে হয়রানি করা হয়। আবার আয়কর আইনজীবীরাও এই সুযোগ নিয়ে নানা ধরনের জটিলতার মধ্যে ফেলে দেন তাঁদের।নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে এখনো রিটার্ন ফরম পূরণ করতে পারি না। আমাকেও আমার কর পরামর্শক বলেছিলেন, রিটার্ন জমায় কিছু অফিস খরচ আছে। আমি বুঝি না এটা কী অফিস খরচ?’ তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে করদাতারা আরও সহজে কর দিতে পারবেন। তিনি মনে করেন, উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর পর্যায়ে কর সম্পর্কে শিক্ষা কার্যক্রম থাকা উচিত।নাসিরউদ্দিন আহমেদ বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, জনগণের কাছে করের সেবা পৌঁছানো গেলে তাতে প্রত্যুত্তর পাওয়া যায়। গতবারের করমেলায় ব্যাপক উৎ সাহ ছিল। এর ধারাবাহিকতায় এবারও করমেলার আয়োজন করা হয়েছে। এনবিআরের মূল লক্ষ্য, কর সম্পর্কে জনগণের ভয়ভীতি দূর করা।তিনি বলেন, ‘আমাদের দেশে মাত্র এক শতাংশ লোক কর দেয়। এটা শুনতে ভালো লাগে না।’ তিনি জানান, কর সম্পর্কে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে এনবিআরের আলোচনা চলছে। তিনি জোর দিয়ে বলেন, ‘ক্ষমা চেয়ে বিনয়ের সঙ্গে বলছি, বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ৩০ সেপ্টেম্বরের পর আর বাড়বে না।’এম এ কাদের সরকার তাঁর বক্তব্যে বলেন, এবার করমেলায় সব সেবাই দেওয়া হবে ‘ওয়ান স্টপ’ সার্ভিসের মাধ্যমে। আশা করি, এবার এক লাখ করদাতা তাঁদের রিটার্ন জমা দেবেন। গতবার ৫২ হাজার রিটার্ন জমা পড়েছিল।আলোচনা সভার পর এইচ টি ইমাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই বিশাল লাইন ধরে টোকেন নিতে দেখা গেছে দর্শনার্থীদের। এই টোকেন দিয়ে সংশ্লিষ্ট স্টলে গিয়ে সেবা পান দর্শনার্থীরা। অফিসার্স ক্লাবের নিচতলা, দোতলা ও ক্লাব প্রাঙ্গণে ৮৭টি স্টল রয়েছে। এসব স্টলে করদাতাদের তাৎ ক্ষণিকভাবে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদানসহ বার্ষিক বিবরণীও প্রস্তুত করে দেওয়া হচ্ছে। আয়কর পরিশোধব্যবস্থা সহজ করতে মেলায় সোনালী ও জনতা ব্যাংকের বুথের ব্যবস্থাও রয়েছে। এবার নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্যও রয়েছে আলাদা বুথ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।রাজধানীর বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম, রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, খুলনায় বয়রার কর ভবন চত্বর, সিলেটে সিলেট স্টেডিয়াম জিমনেসিয়াম, বরিশালে বরিশাল ক্লাব অডিটোরিয়াম ও রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ছয় দিনব্যাপী এই আয়কর মেলা চলছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। রাজধানীর বাইরের ছয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত আয়কর মেলায় এসে গতকাল এক হাজার ১৮৯ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর এতে কর পাওয়া গেছে প্রায় দেড় কোটি টাকা। নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন ৮৪৬ জন। সিলেট: আমাদের সিলেট অফিস জানায়, সেখানে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার এম এ জব্বার। প্রধান অতিথির বক্তৃতা দেন সিলেটের বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলম।বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফারুক আহমদ মিছবাহ, বিভাগীয় কর আইনজীবী সমিতির সভাপতি আবিদ আলী চৌধুরী, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ চৌধুরী।রাজশাহী: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে মেলার উদ্বোধন করেন কর আপিল অঞ্চল-৩-এর কমিশনার লিয়াকত আলী খান।মেলায় আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী দুটি বুথসহ রাজশাহী কর অঞ্চলের আটটি বুথ বসানো হয়েছে। এ মেলা আয়কর প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নানা জটিলতা দূর করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এ ছাড়া কর অঞ্চল রাজশাহীর কমিশনার রোকেয়া খাতুন, অতিরিক্ত কর কমিশনার ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।