আয়কর মেলায় কর বিবরণী জমা পড়ল প্রায় ৫৬ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় বাড়ানোর বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘আয়কর আইনের ধারা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এটি পরিবর্তনের কোনো এখতিয়ার এনবিআরের নেই। তবে সরকারের পক্ষ থেকে সময় বাড়ানোর ব্যাপারে কোনো ঘোষণা এলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।’রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আয়কর মেলা-২০১০’-এর সমাপনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার নাসিরউদ্দীন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, যেসব করাদাতা এখনো রিটার্ন জমা দিতে পারেননি, তাঁরা চাইলে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের (ডিসিটি) কাছে সময় বাড়ানোর আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে তিন মাস পর্যন্ত সময় বাড়ানোর বিধান রয়েছে। বিশেষ প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যায়।সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন কর কমিশনার এম এ কাদের সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, এনবিআরের সদস্য বশির উদ্দীন আহমেদ, আমিনুর রহমান, শম্ভুনাথ দাসসহ বিভিন্ন কর অঞ্চলের কমিশনাররা। সক্ষম জনগোষ্ঠীকে কর দিতে উদ্বুদ্ধ করা, কর কর্মকর্তাদের সঙ্গে করদাতাদের দূরত্ব কমানো ও একটি জায়গা থেকে হয়রানিমুক্তভাবে কর দেওয়ার সুযোগ সৃষ্টি করতেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো কর মেলার আয়োজন করে এনবিআর। ঢাকা ও চট্টগ্রামে পৃথকভাবে পাঁচ দিনব্যাপী এ মেলা চলে। গতকাল ছিল মেলার শেষ দিন।সংবাদ সম্মেলনে জানানো হয়, শেষ দিন বিকেল পাঁচটা পর্যন্ত মোট ১৭ হাজার ৫৬০ জন নতুন করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন খুলেছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৫৬১ জন্য এবং চট্টগ্রামে খুলেছেন ছয় হাজার ৯৯১ জন। আর উভয় মেলায় মোট রিটার্ন জমা পড়েছে ৫৫ হাজার ৭০৭টি। এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১১৭ কোটি ১৯ লাখের বেশি। চূড়ান্ত গণনার পর এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। নাসিরউদ্দীন আহমেদ বলেন, ভারতের বেঙ্গালুরুর আয়কর মেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে এ মেলার আয়োজন করা হয়েছিল। পরীক্ষামূলক হলেও মেলার প্রথম দিন থেকেই করদাতাদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। তাই এনবিআর সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর থেকে দেশের সব কয়টি বিভাগীয় শহরে আরও বড় পরিসরে আয়কর মেলার আয়োজন করা হবে।এনবিআরের চেয়ারম্যান বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখেই এনবিআরকে ডিজিটালাইজড করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গরূপে ডিজিলাইজড করা সম্ভব হবে।চট্টগ্রামেও ব্যাপক সাড়া: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামে আয়কর মেলার শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে গিয়ে দেখা যায় করদাতাদের সেই ব্যস্ততার চিত্র। বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ছুটে এসেছেন শেষ দিনের সুযোগ কাজে লাগাতে। কেউ কেউ আয়কর জমা দেওয়ার সময় বাড়ানোর কথাও জানতে চেয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘সময় বাড়ালে ভালো হতো। কারণ ব্যস্ততার জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে আমাদের জন্য।’ শফিক উদ্দিন আহমেদ নামে অপর এক করদাতা জানালেন, ‘শেষ দিন বলে আজ ভিড়ও বেশি। কিন্তু উপায় কী, যে করেই হোক আজ কর জমা দিয়ে যেতে হবে। সময় বাড়ানোর অপেক্ষায় থেকে লাভ নেই।’মেলা কমিটির সূত্রে জানা যায়, গত চার দিনে ১৪ হাজার ৩৩০টি আয়কর বিবরণী জমা পড়েছে এবং রাজস্ব আদায় হয়েছে ৩১ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে নতুন করদাতা ছিলেন এক হাজার ৩৬৫ জন। আর তাঁদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৩৬ লাখ ৩৬ হাজার টাকা।মেলা উদ্যাপন কমিটির সভাপতি কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘আজ মেলার শেষ দিনেও ব্যাপক সাড়া মিলেছে। এমনকি মেলার বাইরে আমাদের অফিসে এসেও আয়কর জমা দিয়েছেন অনেকে। তাছাড়া মেলা শেষে রাত আটটা পর্যন্ত আমরা আমাদের অফিসে কর আদায়ের ব্যবস্থা রেখেছি।’