আয়কর মেলায় ডিজিটাল ব্যবস্থাপনায় সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার মনির উদ্দিন তালুকদার এবার কর মেলায় এসে নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন। তিনি গতকাল রোববার সকালে বেইলি রোডের অফিসার্স ক্লাবের কর মেলায় এসে নির্ধারিত বুথের সামনে লাইনে দাঁড়ান। ১০ মিনিটের মধ্যেই ওই বুথ থেকে নির্ধারিত কাউন্টারের নাম-সংবলিত টোকেন দেওয়া হয়। তারপর সেই টোকেন নিয়ে কাউন্টারে গিয়ে টিআইএন ফরম পূরণ করে জমা দেন মনির উদ্দিন। ফরম পূরণে সহায়তা করেন কর কর্মকর্তারা। ১৫-২০ মিনিট বুথের সামনে চেয়ারে অপেক্ষা করেন তিনি। একসময় বুথের সামনে থাকা ডিজিটাল মনিটরে তাঁর টোকেনের বিপরীতে সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আর মনির উদ্দিন তালুকদার বুথে গিয়ে টিআইএন সনদ সংগ্রহ করেন। এভাবে ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট কিউ ম্যানেজমেন্টের মাধ্যমে মেলায় আসা করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন শত শত করদাতা এ সেবা পাচ্ছেন। এই প্রযুক্তির মাধ্যমে মেলায় আগত একজন দর্শনার্থী কোনো ভোগান্তি ছাড়াই জানতে পারছেন কোন কাজের জন্য তাঁকে কোন বুথে যেতে হবে এবং ওই বুথে তাঁর আগে আর কতজন ব্যক্তি অপেক্ষা করছেন। এবারের মেলায় আগত ব্যক্তিরা বেশ কয়েক ধরনের সেবা পাচ্ছেন। বার্ষিক আয়কর বিবরণী প্রস্তুতে সহায়তা ও দাখিল, আয়কর পরিশোধ, টিআইএন প্রদান, কর ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব চূড়ান্ত করার মতো সেবা দেওয়া হচ্ছে। আর সব সেবা-প্রক্রিয়া চলছে ডিজিটাল ব্যবস্থাপনায়। এমন কী কোনো আগত দর্শনার্থী যদি নিজের কর অধিক্ষেত্র (যে কর অঞ্চল বা সার্কেলের করদাতা) চিহ্নিত করতে না পারেন, তাহলে তাঁর কর অধিক্ষেত্র চিহ্নিত করার কাজটিও করে দিচ্ছেন কর কর্মকর্তারা। কর পরিশোধের জন্য সোনালী ও জনতা ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। করদাতারা আয়কর পরিশোধ করে তাঁর প্রাপ্তি স্বীকারপত্রও নিতে পারছেন। এ ছাড়া মেলার তথ্যকেন্দ্র থেকে কর-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে পারছেন। কর মেলায় এসে সেবা দেওয়ার এই পদ্ধতি দেখে মুগ্ধ মিরপুরের আবুল কাশেম। তিনি বলেন, ‘সরকারি কাজকর্ম এভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয় সেটা মেলায় না এলে বিশ্বাস করতে পারতাম না।’ তিনি আরও বলেন, কর অফিস মানেই হয়রানি, অফিস খরচ ইত্যাদি। সেই ভয়ে এত দিন তিনি আইনজীবীর মাধ্যমে বার্ষিক বিবরণী জমা দিতেন। এবার পরীক্ষামূলকভাবে বিবরণী দিতে আসেন। কোনোরকম হয়রানি ছাড়াই জমা দিতে পেরে সন্তুষ্ট হন আবুল কাশেম। এভাবে অনেকে মেলায় আসেন কীভাবে আয়কর বিবরণী জমা নেওয়া বা টিআইএন প্রদান করা হয় তা দেখার জন্য। মেলার দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া দেখা গেছে। করদাতা ও দর্শনার্থীদের ভিড়ে সারা দিনই মুখরিত ছিল মেলার প্রাঙ্গণ। তবে সকালের দিকে বৃষ্টির কারণে ভিড় কিছুটা কম ছিল। দুপুরের পর তা বাড়তে থাকে। মেলা উদ্যাপন কমিটির সভাপতি এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা করদাতাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। এ জন্য রাজস্ব পাওয়ার চেয়ে করদাতাদের মধ্যে সচেতনতা বাড়ানোকেই বেশি প্রাধান্য দিচ্ছি।’ তিনি জানান, গতবারের মতো এবারও বেশ ভালো সাড়া পাচ্ছেন তাঁরা। সহজে ও হয়রানিমুক্তভাবে আয়কর দেওয়ার সুযোগ করতে ওয়ান স্টপ সেবার পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সব সেবা দেওয়া হচ্ছে বলে জানান কাদের সরকার। ঢাকায় আয়কর মেলার দ্বিতীয় দিনে ৭৯০ জন নতুন করদাতা টিআইএন নিয়েছেন। আর এক হাজার ৪৯ জন করদাতা মেলায় তাঁদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। রাজস্ব পাওয়া গেছে ১২ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৮২৮ টাকা। ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরগুলোতে দ্বিতীয় দিনে ২৭৩ জন নতুন করদাতা টিআইএন নিয়েছেন। আর এক হাজার ৯০৫ জন করদাতা মেলায় তাঁদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। রাজস্ব পাওয়া গেছে এক কোটি ২১ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।