আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়করদাতাদের সুবিধার জন্য আয়কর রিটার্ন বা বিবরণী দাখিলের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এমন সুপারিশ করে গতকাল সোমবার পৃথক চিঠি দিয়েছে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।এনবিআরের ঘোষণা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর বিবরণী দাখিল করতে পারবেন করদাতারা।এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সই করা চিঠিতে বলা হয়েছে, কর অঞ্চল ও কর আপিল অঞ্চলগুলোর অধিক্ষেত্র পরিবর্তনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো করদাতারা জানতে পারেননি। এ ছাড়া ২০১২-১৩ অর্থবছরের জন্য আয়কর বিষয়ে সরকার বেশ কিছু পরিবর্তন এনেছে। এসব পরিবর্তনসংবলিত পরিপত্র দেরিতে প্রকাশ হওয়ায় অনেক করদাতাই সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর বিবরণী দাখিল করতে সক্ষম হবেন না। এ জন্য বিবরণী দাখিলের সময় বাড়াতে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে সুপারিশ করা হচ্ছে।এফবিসিসিআই বলছে, করদাতা এবং কর আদায়কারীর মধ্যে সম্পর্ক জোরদার করতে কর তথ্য ও সেবাকেন্দ্র এবং অনলাইনে কর পরিশোধ-পদ্ধতি চালু করায় করদাতারা সহজে এবং ঝামেলা ছাড়াই আয়করবিষয়ক সেবা পাচ্ছেন। চিঠিতে আয়কর মেলা আয়োজন করায় এনবিআরকে ধন্যবাদও জানানো হয়।