আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এই সময়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দানে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। চলতি মাসে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার কারণে ব্যবসায়ী সম্প্রদায় তাদের ব্যবসায়িক কার্যক্রম করতে পারেনি। এ ছাড়া আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করাও সম্ভব হয়ে ওঠেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনু বিভাগের সম্প্রসারণ ও পুনর্গঠনের কারণে আয়কর-সংক্রান্ত অধিক্ষেত্র (জোন ও সার্কেল) পরিবর্তিত হয়েছে। নতুন ও পুরোনো করদাতারা অনলাইনের মাধ্যমে টিন নিবন্ধন ও ই-টিনের মাধ্যমে রিটার্ন দাখিল করতে জটিলতায় পড়ছেন।
এতে বলা হয়, এ অবস্থায় এফবিসিসিআই মনে করে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা না বাড়ালে করদাতাদের পক্ষে সময়মতো রিটার্ন দাখিল করা সম্ভব নয়। বিভিন্ন বাণিজ্য সংগঠন এবং পেশাজীবী সংগঠনও আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য এফবিসিসিআইকে অনুরোধ জানিয়েছে। তাই আয়কর খাত থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা তৃতীয়বারের মতো আরও এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।