আগামী পাঁচ বছরে আয়করই হবে দেশে সর্বোচ্চ রাজস্ব আদায়ের খাত। জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভা ও সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার সময়ে যে পরিমাণ আয়কর আদায় হয়েছে, এখন তার চেয়ে দ্বিগুণ হয়। অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের কর আদায়ের ক্ষেত্রে হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন, যাতে আয়কর প্রদান জনপ্রিয় হয়েওঠে এবং এ বিষয়ে জনগণের মধ্যেযে ভয়ভীতি আছে তা দূর হয়। অর্থমন্ত্রী এও বলেন, ‘আয়কর প্রদান সম্পর্কে জনগণের মধ্যে ভয়ভীতি রয়েছে। এই ভয়ভীতি দূর করে হয়রানিমুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছেন কর কর্মকর্তারা।’দেশের আর্থিকভাবে সক্ষম জনগণকে কর প্রদানে উৎসাহ জোগাতে নানা কর্মসূচির মধ্যদিয়ে চতুর্থবারের মতো গতকাল ‘দিনবদলের অঙ্গীকার, সবাই হব অংশীদার’—এই স্লোগানে জাতীয় কর দিবস পালন করা হয়। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ এবং করদাতাদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।কর দিবসের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে। এই অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৯০ জন সেরা করদাতা ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া মহানগরগুলো ও ৬৪টি প্রশাসনিক জেলার প্রতিটিতে তিনজন সর্বোচ্চ ও দুইজন দীর্ঘ সময় ধরে কর প্রদান করছেন, এমন ৩৫০ জন করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়। তবে গতবারের মতো এবার বিভাগীয় ও জেলা পর্যায়ের করদাতাদের সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ নেওয়ার জন্য ঢাকায় আসতে হয়নি। স্ব-স্ব বিভাগীয় কর অঞ্চলে আয়কর দিবসের অনুষ্ঠান করে তাঁদের পুরস্কৃত করা হয়েছে। ঢাকায় আয়োজিত কর দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য সৈয়দ আমিনুল করিম, বশির উদ্দিন আহমেদ, এম এ কাদের সরকার প্রমুখ।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এখন করদাতারা অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারেন। আবার নিজেরাই যাতে হিসাব-নিকাশ করতে পারেন, সে জন্যও স্বয়ংক্রিয় কর ক্যালকুলেটর চালু করা হয়েছে। এ ছাড়া স্পট অ্যাসেসমেন্ট (তাৎক্ষণিক কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন প্রদান, আয়কর বিবরণী প্রস্তুতকরণ, মূল্যায়ন ও সনদ প্রদান) কার্যক্রম শুরু হয়েছে।তিনি আরও বলেন, ‘আয়কর একটি ভালো কর। এর মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।’নাসিরউদ্দিন আহমেদ বলেন, জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে এনবিআর নানা কর্মসূচির মাধ্যমে তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।সম্মানিতদের প্রতিক্রিয়া: রাজবাড়ী জেলার দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হিসেবে সম্মাননা পেয়েছেন আজিজুর রহমান। ৩৮ বছর ধরে তিনি আয়কর দিচ্ছেন। এবারই প্রথমবারের মতো এই সম্মাননা পেলেন। এ বছর তিনি দুই হাজার ২০০ টাকা কর দিয়েছেন। আজিজুর রহমান এই প্রতিবেদককে বলেন, ‘কর প্রদান ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। দুর্নীতিও কমে এসেছে।’ তবে আরও সহজ ও হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে চান তিনি।নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননা পাওয়া অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম জানান, তিনি এ বছর ১৭ লাখ টাকা কর দিয়েছেন। তিনি মনে করেন, প্রত্যেক ব্যক্তির কর দিয়েই দেশের উন্নয়নে অংশীদার হওয়া উচিত। এদিকে জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে হলুদ টি-শার্ট পরা কয়েক শ শিক্ষার্থীকে দেখা গেছে। উত্তরা, গুলশান, বনানী, প্রেসক্লাব, ফার্মগেট, মগবাজার, কাকরাইল, বিজয় সরণি, মিরপুর ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে এসব কর্মীরা পথচারীদের কর প্রদানে উৎসাহী কি না, জানতে চান এবং কর প্রদানে উৎসাহিত করেন। কর দিবস উপলক্ষে গতকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এনবিআর। শোভাযাত্রাটি সকাল আটটায় এনবিআরের সেগুনবাগিচার কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আবার এনবিআরে ফিরে আসে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সমাজের নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।কর মেলা শুরু কাল: আগামীকাল শনিবার থেকে ছয় দিনব্যাপী আয়কর মেলা-২০১১ শুরু হবে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।রাজধানীর আয়কর মেলাটি অনুষ্ঠিত হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। এতে ৮৫টি বুথ থাকবে। সেখান থেকে করদাতাদের তাৎক্ষণিকভাবে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদানসহ বার্ষিক আয়কর বিবরণীও প্রস্তুত করে দেওয়া হবে। আয়কর পরিশোধ ব্যবস্থা সহজ করতে মেলায় সোনালী ও জনতা ব্যাংকের বুথের ব্যবস্থাও থাকবে। এবার নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকবে আলাদা বুথ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে, রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে, খুলনায় বয়রার কর ভবন চত্বরে, সিলেটে সিলেট স্টেডিয়াম জিমনেসিয়ামে, বরিশালে বরিশাল ক্লাব মিলনায়তনে ও রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ছয় দিনব্যাপী এই আয়কর মেলা অনুষ্ঠিত হবে।