আয়করে গুরুত্ব বেশি, আদায় কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রীরা রাজস্ব কার্যক্রম অংশে সবার আগে রাখেন আয়করকে। তারপর মূল্যসংযোজন কর বা ভ্যাট এবং সবশেষে আমদানি শুল্ক। সরকার যে আয়কর আদায়কেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, এর ইঙ্গিত হিসেবেই এই ব্যবস্থা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২০০৯-১০ অর্থবছরের বাজেট-বক্তৃতায় বলেছিলেন, ‘জাতি হিসেবে আমাদের মর্যাদাবান ও আত্মনির্ভরশীল হতে হলে নিজস্ব সম্পদনির্ভর উন্নয়নপ্রচেষ্টা জোরদার করতে হবে। এ জন্য অধিক হারে অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ করা প্রয়োজন। আমাদের কর/জিডিপি অনুপাত প্রায় ৯ শতাংশ, যা এমনকি প্রতিবেশী সব দেশের চেয়ে কম। ১৫ কোটি জন-অধ্যুষিত এই দেশে এই ব্যর্থতা অপ্রত্যাশিত। দুর্বল কর আহরণ ব্যবস্থাপনা এবং প্রত্যাশিত কর প্রদান সংস্কৃতি গড়ে না ওঠা এর প্রধান কারণ। কর/জিডিপি হার উন্নীতকরণের লক্ষ্যে রাজস্ব আহরণের পরিমাণ বাড়াতে হবে।’আমাদের করব্যবস্থার বড় দুর্বলতাই হচ্ছে আয়কর আদায় কম হওয়া। কর-কাঠামোতে প্রথম থেকেই প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের অংশ বেশি, যদিও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যেমন, ২০০৪-০৫ অর্থবছরে মোট রাজস্ব আদায়ে প্রত্যক্ষ করের অংশ ছিল ১৯ শতাংশ এবং পরোক্ষ কর প্রায় ৮১ শতাংশ। আর ২০০৯-০৯ অর্থবছরে এসে তা হয়েছে যথাক্রমে ২৭ শতাংশ ও ৭৩ শতাংশ। মূলত পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে ২০০৭-০৮ অর্থবছর থেকে। এর পরের দুই অর্থবছরেই আয়করের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। অর্থাৎ আগের তুলনায় এখন মানুষ বেশি পরিমাণে বা সংখ্যায় আয়কর দিচ্ছে। তার পরও পরিস্থিতি হতাশাজনক বলা যায়। এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ২৩ লাখের বেশি টিআইএনধারী থাকলেও কর দেন মাত্র সাড়ে সাত লাখ।চলতি ২০১০-১১ অর্থবছরের জন্য ৭৬ হাজার ৪২ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হয়। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অংশ ৭২ হাজার ৫৯০ কোটি টাকা। এর মধ্যে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ২১ হাজার পাঁচ কোটি টাকা।আয়করের মধ্যে বড় অংশই আদায় হয় উৎসে। সামান্যই সরাসরি আদায় করতে পারে এনবিআর। সরাসরি আদায়ের বড় উৎস হচ্ছে ব্যক্তিপর্যায়ের আয়কর বা পারসোনাল ইনকাম ট্যাক্স। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৯২—৯৬ সময়ে আয়কর আদায়ে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ। ১৯৯৭—২০০১ সময়ে তা বেড়ে হয় ১৮ দশমিক ৩ শতাংশ এবং ২০০২—০৬ সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৬ শতাংশ। এর পরে ২০০৬-০৭ অর্থবছরে তা হয় ২১ দশমিক ৮ শতাংশ, ২০০৭-০৮ অর্থবছরে ৩৪ দশমিক ৭ শতাংশ, ২০০৮-০৯ অর্থবছরে ১৮ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯-১০ অর্থবছরে ২৩ দশমিক ৩০ শতাংশ।সবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের লেখা থেকে উদ্ধৃত করে বলা যায়, ‘বাংলাদেশের মত যে কোন দেশের কর রাজস্ব আয়ের সংসারে সিংহভাগে থাকার কথা আয়করের, এখানে তা এখনো হয়ে ওঠেনি। মোট কর রাজস্ব আয় খাতে তার অবস্থান তৃতীয় অর্থাৎ আমদানি শুল্ক ও মূল্য সংযোজন করের নীচে। এ অবস্থা যেন এটিই নির্দেশ করে যে, দেশটি স্রেফ ট্রেডিং নির্ভর আর শুধু ভোক্তায় ভর্তি, আয়করে এমন লোকের সংখ্যা যেন যৎসামান্য। যে সমাজে ভোগ্যপণ্য ও বিলাসবহুল সামগ্রী আমদানি বাবদ ব্যয় বেশী, অথচ সে সমাজে আয়কর দেওয়ার মত মানুষের সংখ্যা সামান্য, বিষয়টা বেশ বিব্রতকর।’ব্যক্তি আয়করদাতার সংখ্যাঅর্থবছর টিআইএনধারীর দাখিলকৃত রিটার্নের রিটার্ন থেকে আয় সংখ্যা সংখ্যা (কোটি টাকা)২০০৬-০৭ ১৯,৮৬,৫৫১ ৫,৩৫,৯৯৪ ২৫২ ২০০৭-০৮ ২১,৯৩,২১৬ ৬,৪৫,৬১৭ ৭৩৯ ২০০৮-০৯ ২২,৬২,৬৮৫ ৬,৭৬,১০০ ৭৯২ ২০০৯-১০ ২৩,৩৪,৯১৭ ৭,৫৭,৯৬৪ ৮৫০