আয়করে হাজার কোটি টাকা ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী অর্থবছরে (২০১৩-১৪) আয়কর আদায়ে এক হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। মূলত তৈরি পোশাকসহ অন্য রপ্তানি পণ্যে উৎসে করে বড় ছাড় দেওয়ায় ঘাটতির পরিমাণ বেড়েছে।
এনবিআরের আয়কর বিভাগের প্রাথমিক হিসাবে, বিদায়ী অর্থবছরে সাড়ে ৪৩ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে অগ্রিম করসহ কোম্পানিপর্যায়ে করের সমন্বয়ের পর এটা চূড়ান্ত করা হবে। আলোচ্য সময়ে আয়কর বিভাগের সংশোধিত লক্ষ্য ছিল ৪৪ হাজার ৩৭০ কোটি টাকা।
তবে বছরের শুরুতে আয়কর খাত থেকে ৪৮ হাজর ২৯৭ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অর্থবছরের প্রথমার্ধে রাজনৈতিক অস্থিরতার কারণে পরে লক্ষ্য কমিয়ে আনা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে এসে পোশাক খাতের মধ্যে নিট, ওভেন, টেরিটাওয়েল, কার্টন ও সরঞ্জামাদি রপ্তানির ক্ষেত্রে দশমিক ৮ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করারোপ হয়। এ ছাড়া অন্য রপ্তানি পণ্যের ক্ষেত্রে দশমিক ৬ শতাংশ করা হয়েছে। এতে এনবিআর প্রায় ২০০ কোটি টাকার কম রাজস্ব পেয়েছে।
এ ছাড়া করপোরেট কর, ব্যক্তিশ্রেিণর সারচার্জসহ বেশ কিছু খাতেও লক্ষ্য অর্জিত হয়নি। সব মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার মতো কম রাজস্ব আদায় হয়েছে।