আয়করেও সুখের খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা আগের মতো ২ লাখ ৫০ হাজার টাকাই রেখে দেওয়া হয়েছে, যা অর্থ আইন ২০১৫-এর মাধ্যমে সর্বশেষ ধার্য করা হয়েছিল। সেই সঙ্গে সর্বনিম্ন করের হারও আগের মতো ১০ শতাংশ রেখে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী মাথাপিছু জিডিপি এবং করমুক্ত আয়সীমার মধ্যে একটি সম্পর্ক প্রদর্শনের মাধ্যমে করমুক্ত আয়সীমা এবং সর্বনিম্ন করের হার কেন অপরিবর্তিত রেখে দেওয়া হয়েছে তার যথার্থতা প্রমাণ করতে চেয়েছেন।

একটি দেশের সমগ্র জনসংখ্যার এক বছরের বার্ষিক আয় থেকে মাথাপিছু জিডিপির হিসাব করা হয়ে থাকে। উল্লেখ্য, দেশের মোট জনসংখ্যার মধ্যকার প্রায় ৯১ শতাংশ লোকেরই হয়তো কর প্রদান করতে হয় না অথবা কর প্রদান থেকে তাঁরা নিজেদের বিরত রাখেন। সুতরাং জিডিপির সঙ্গে করমুক্ত আয়সীমার তুলনা করতে যাওয়াটা তাই সামঞ্জস্যপূর্ণ হয় না।

বিগত তিন বছর ধরে দেশের মূল্যস্ফীতির হার ৬ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে বিরাজমান রয়েছে। সার্বিকভাবে এই হারকে ৬ শতাংশ হিসেবেও যদি ধরে নেওয়া হয়, তবে তিন বছরে ক্রমবর্ধমান হারে তা ২০ শতাংশে গিয়ে দাঁড়ায়। সেই হিসাবে তিন বছরের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের প্রথম সীমা হওয়া উচিত ৩ লাখ টাকা।

করমুক্ত আয় এবং ন্যূনতম করের হার-সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর দিকে তাকালে আমরা অনেকটা ভিন্নতর দৃশ্যপট দেখতে পাই। যেমন: ভারতে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার রুপি, যা আমাদের স্থানীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকার সমপরিমাণ, এবং তাদের ন্যূনতম করের হার ৫ শতাংশ। পাকিস্তানে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৪ লাখ রুপি, যা আমাদের স্থানীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ১০ হাজার টাকার সমপরিমাণ, এবং তাদের ন্যূনতম করের হার ২ শতাংশ।

একইভাবে থাইল্যান্ডে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ১ লাখ ৫০ হাজার বাথ, যা আমাদের স্থানীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার সমপরিমাণ। আর তাদের ন্যূনতম করের হার হলো ৫ শতাংশ।

·আমরা যদি পশ্চিমের দেশগুলোর দিকে তাকাই, তবে দেখতে পাই যে ব্রিটেনে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ১১ হাজার ৫০০ পাউন্ড, যা আমাদের স্থানীয় মুদ্রায় প্রায় ১২ লাখ টাকার সমপরিমাণ।

বস্তুত প্রস্তাবিত কর কাঠামোতে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির জনগোষ্ঠীর জন্য খুব একটা সুখের খবর খুঁজে পাওয়া যায় না। বাজারে মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও বাড়িভাড়া, যাতায়াত খরচ এবং চিকিৎসা ভাতা আগের মতোই রেখে দেওয়া হয়েছে এবং এ খাতে কোনো কর রেয়াত প্রদান করা হয়নি।

সাধারণত একটি নির্দিষ্ট অঙ্কের জীবনযাত্রার ব্যয় বা খরচ হিসেব করে নিয়ে করমুক্ত আয়ের সীমানা নির্ধারিত হয়ে থাকে। বাজারে ব্যয়ের ঊর্ধ্বমুখী সীমা থাকা সত্ত্বেও যখন করমুক্ত আয়ের সীমানা আগের মতো একই রেখে দেওয়া হয়, তখন স্বভাবতই করদাতা অধিক কর পরিশোধের চাপে পড়ে যান। এ অবস্থায় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কোন উৎস হতে ঘাটতি কর পরিশোধ করা হবে, তা নিয়ে করদাতার মনের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম নেয়।

বলা হয়ে থাকে যে একটি দক্ষ জনশক্তি তৈরির পূর্বশর্ত হলো শিক্ষা, যা কিনা অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড হিসেবে কাজ করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রস্তাবিত কর ব্যবস্থায় শিক্ষা খাতে ব্যয়ের ওপরে কোনো প্রকার কর রেয়াতের ব্যবস্থা রাখা হয়নি। এমনকি শিক্ষা খাতে ব্যক্তির ব্যয়কে তাঁর বিনিয়োগযোগ্য আয়ের একটি অংশ হিসেবে বিবেচনা করার সুযোগ থাকলেও তা বিবেচনায় নেওয়া হয়নি।

দুর্ভাগ্যজনকভাবে দেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশের কম মানুষ সরকারকে কর প্রদান করে থাকেন। এমতাবস্থায় যেখানে জিডিপির প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কীভাবে তাঁর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩০ শতাংশ বাড়াতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যায়। দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বিশাল জনগোষ্ঠী ইতিমধ্যেই লাগামহীন মূল্যস্ফীতির জাঁতাকলে পড়ে হিমশিম খাচ্ছে। তার ওপর বেসরকারি খাতের বিনিয়োগের নিম্নমুখী, শেয়ার মার্কেটের মন্দা, ব্যাংকিং খাতের ক্রমহ্রাসমান সুদের হার, এই ত্রিমুখী রসায়নের বিক্রিয়ায় পড়ে আমরা দেখতে পাই যে ভোক্তাশ্রেণির প্রকৃত আয় মূলত তেমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি।

এ অবস্থায় আমরা আশা করতে চাই যে ক্ষুদ্র ক্ষুদ্র অপ্রত্যাশিত ঘটনাগুলো একটি বিরাটাকারের দুর্ঘটনায় পরিণত হয়ে যেন দেশের অর্থনীতির ঘাড়ের ওপরে কোনো এক ক্ষতিকর দানব হয়ে জুড়ে না বসে। আর সেই লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে একটি কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি আমরা সবাই।

লেখক : প্রধান অর্থ কর্মকর্তা, লাফার্জহোলসিম িসমেন্ট