আয়করের ১০ ভাগই দিয়েছে ১০ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী অর্থবছরে যত আয়কর আদায় হয়েছে, এর প্রায় ১০ শতাংশই দিয়েছে মাত্র ১০টি কোম্পানি। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে শীর্ষ ১০টি কোম্পানির কাছ থেকে ৪ হাজার ৭৫২ কোটি টাকা করপোরেট কর হিসেবে আদায় হয়েছে। গত বছর মোট ৪৮ হাজার ৫২৫ কোটি টাকা আয়কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বছরে হাজার কোটি টাকার বেশি কর দেয়, এমন প্রতিষ্ঠানও রয়েছে। দেশের শীর্ষ করদাতা এ প্রতিষ্ঠানটি গ্রামীণফোন। গত করবর্ষে (২০১৪-১৫) মোবাইল ফোন অপারেটর এ প্রতিষ্ঠানটি মোট ১ হাজার ৪৯৫ কোটি ৮৭ লাখ ৮ হাজার ২৭৬ টাকা কর দিয়েছে। ওই বছর এ প্রতিষ্ঠানটি মোট ৩ হাজার ৭৭২ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৬০৫ কোটি টাকা আয় করেছে।
এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি কর দেওয়ার দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষস্থানীয় ১০টি কোম্পানির মধ্যে ছয়টিই ব্যাংক। কিন্তু কর-সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় এ বছর এসব প্রতিষ্ঠানের কোনোটিকেই ট্যাক্স কার্ড দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আনেনি এনবিআর।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গত অর্থবছরে এ ব্যাংকটি ১ হাজার ৩৪৬ কোটি ৩ লাখ ৬১ হাজার ৬০০ কোটি টাকা আয় করেছে। এ জন্য কর পরিশোধ করেছে ৫৭০ কোটি ৯৫ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক আয় করেছে ১ হাজার ৮৮ লাখ টাকা। এর বিপরীতে কর দিয়েছে ৫১০ কোটি টাকা।
এ ছাড়া চতুর্থ থেকে দশম স্থানে থাকা প্রতিষ্ঠানগুলো যথাক্রমে এইচএসবিসি ৪৫৪ কোটি টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড ৩৬৩ কোটি টাকা, তিতাস গ্যাস লিমিটেড ৩২৪ কোটি টাকা, পূবালী ব্যাংক ২৮৩ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ২৫৭ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক ২৪৭ কোটি টাকা ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা ২৪৭ কোটি টাকা।
উল্লেখ্য, গত অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গ্রামীণফোন ৪০ শতাংশ হারে কর দিয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত না হওয়ায় রবিকে ৪৫ শতাংশ হারে কর দিতে হয়েছে। অন্যদিকে সিগারেট কোম্পানি হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডকে সর্বোচ্চ ৪৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে। অন্যদিকে তালিকায় থাকা ব্যাংকগুলো সাড়ে ৪২ শতাংশ হারে কর দিয়েছে।

গ্রামীণফোন ১৪৯৬
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৫৭১
ইসলামী ব্যাংক৫১০
এইচএসবিসি ৪৫৪
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো৩৬৩
তিতাস গ্যাস৩২৪
পূবালী ব্যাংক২৮৩
সাউথইস্ট ব্যাংক২৫৭
ইস্টার্ন ব্যাংক ২৪৭
রবি ২৪৭
 কোটি টাকায়