আয়বৈষম্যকে রুখতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনায়ক সেন
বিনায়ক সেন

বাংলাদেশে বেড়ে চলা আয়বৈষম্য রোধে করণীয় বিষয়গুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন

প্রথম আলো:
বাংলাদেশের সমাজে আয়বৈষম্য বেড়েই চলেছে। কেন এই বৈষম্য বাড়ছে?
বিনায়ক সেন: প্রবৃদ্ধির সঙ্গে বৈষম্য কিছুটা বাড়লেও একটা পর্যায়ে গিয়ে তা আর বাড়ে না, বরং কমতে শুরু করে। এটা অর্থনীতিবিদ সাইমন কুজনেৎসের বিখ্যাত অর্থনৈতিক বৈষম্য চক্রের মূল কথা। ধরে নেওয়া হয়েছে যে প্রবৃদ্ধির যাঁরা উচ্চ সুফলভোগী হবেন, অর্থাৎ যাঁরা ধনী ও উচ্চবিত্ত, তাঁদের ওপর পর্যায়ক্রমে কর আরোপ করে সেই অর্থ সামাজিক খাতে ব্যয় করা হবে গরিব মানুষের জন্য। তাতে একটা পর্যায়ে গরিব মানুষের অবস্থারও উন্নতি হবে। ফলে কমবে বৈষম্য। বাস্তবে সব সময় এমনটি হয় না, যেমন হচ্ছে না বাংলাদেশে। কেননা, ধনীদের ওপর যথেষ্ট পরিমাণে ও যথাযথভাবে কর আরোপ করা যায় না। তাই করের অর্থও সামাজিক ও মানবিক উন্নয়নে পর্যাপ্তভাবে ব্যয় করা যায় না। আবার বৈধ আয়ের পাশাপাশি যে বিপুল পরিমাণ অবৈধ আয় বা লুণ্ঠিত সম্পদ সমাজের উচ্চ আয়ের একাংশের কাছে সঞ্চিত হয়, তা তো হিসাবের বাইরে থেকে যায়। একজন প্রভাবশালী যখন কোনো খাসজমি কিংবা জলাশয় দখল করার পর তাতে ভবন নির্মাণ করে কিংবা ভরাট করে জমি বিক্রি করে দিয়ে যে সম্পদের মালিক হয়, তােতা অবৈধ সম্পদ৷ তার মানে হলো, একদিকে বৈধ আয়ের সুষম বণ্টন হচ্ছে না, অন্যদিকে অবৈধ আয় বাড়ছে। এই দুই মিলিত আয়ের যে বণ্টন, তা বৈষম্যমূলক হচ্ছে। ফলে বাড়ছে বৈষম্য।
প্রথম আলো: সরকারি পরিসংখ্যানে িক বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে?
বিনায়ক সেন: খানাপর্যায়ের আয়-ব্যয় জরিপও বলছে, আয়ের বণ্টন আরও অসম হচ্ছে। গ্রামেও বাড়ছে, শহরেও বাড়ছে। রাজধানীতে আরও বেশি করে। গ্রামাঞ্চলে অসমতা মাপার জিনি সূচক ১৯৯১ সালের ২৮ শতাংশের তুলনায় বেড়ে ২০১০ সালে এসে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। শহরে দশমিক ৩৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে দশমিক ৪৫ শতাংশে। গত দুই দশকে দেশের সমৃদ্ধি বেড়েছে, কিন্তু তার সুফল অনেক বেশি যাচ্ছে ধনিক শ্রেণির কাছে।
প্রথম আলো: অনেকেই বলছেন যে দারিদ্র্য তো কমছে। তাই বৈষম্য কিছুটা বাড়লেও খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা আপনি কীভাবে দেখছেন?
বিনায়ক সেন: আধুনিক অর্থনৈতিক তত্ত্ব এতে সায় দেয় না। তত্ত্ব বলছে, যত বেশি বৈষম্য হবে, প্রবৃদ্ধির সম্ভাবনা আরও সংকুচিত হয়ে আসবে। বৈষম্য বাড়তে থাকলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, অস্থিরতা বাড়লে বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে, তাতে পরবর্তী বছরগুলোয় প্রবৃদ্ধি কমবে। বৈষম্য বাড়লে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ত না যদি পুনর্বণ্টনমুখী নীতি অনুসরণ করা হতো। যেমনটা হেয়ছে ব্রিটেন, জার্মানির মতো কল্যাণমুখী রাষ্ট্রে। সেখানে ধনীদের ওপরে প্রগ্রেসিভ হারে আয় বা সম্পদ কর বসিয়ে প্রাপ্ত কর-রাজস্বকে গরিবদের মানবসম্পদ ও সার্বিক উন্নয়নের কাজে ব্যয় করা হয়ে থাকে। আমাদের দেশে সেভাবে হচ্ছে না।
প্রথম আলো: এখন তো সম্পদের ওপর সারচার্জ বসানো হয়েছে? এটা কি বৈষম্য কমাতে সহায়ক হবে না?
বিনায়ক সেন: অতি ধনীদের আয়করের ওপর ‘সারচার্জ’ আহরণের যে প্রথা সম্প্রতি চালু হয়েছে, তা খুবই ত্রুটিযুক্ত। এর ফলে এখনো কর সামান্য বাড়লেও কর-জিডিপি অনুপাত খুবই নিচুতে আছে। আবার দারিদ্র্য থেকে যাঁরা বেরিয়ে আসছেন, তাঁদের বেশির ভাগেরই ভরসা নেই, কণ্ঠস্বর বা ভয়েস নেই। তাঁরা সব সময় ঝুঁকিতে আছেন, অনিশ্চয়তায় ভুগছেন, কখন চাকরি হারান, কখন আয়ের সম্বল এইটুকু জমি থেকে উচ্ছেদ হয়ে যান। আর সব সময় ঝুঁকিতে থাকার ফলে গরিবেরা কোনো সংস্কার আদায় করতে পারেন না। কী রাজনৈতিক ক্ষেত্রে, কী শিক্ষা-স্বাস্থ্য বা পরিবহন খাতে। আসলে আমাদের ধনীদের ধন বা সম্পদের ওপরে কোনো ওয়েলথ ট্যাক্স বা সম্পদ-করের প্রথা নেই।
প্রথম আলো: তাহলে িক বলতে চাইছেন সম্পদ ও আয়কর বসিয়ে ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলা করা সম্ভব?
বিনায়ক সেন: অমর্ত্য সেন বলেছিলেন, ‘কিসের বৈষম্য’ সেটা আলোচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা, বৈষম্য নানা ধরনের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধনের বৈষম্য, শিক্ষার বৈষম্য ও সুশাসনে বৈষম্য। যাঁর সম্পদ যত বেশি, তিনি তত বেশি দ্রুত উপরে উঠতে পারেন। আবার যাঁর শিক্ষা যত বেশি তিনিও তত বেশি দ্রুত ওপরে উঠতে পারেন। এখন করনীতির মাধ্যমে আয়বৈষম্যকে স্বল্প মেয়াদে কিছুটা প্রতিহত করা সম্ভব। কিন্তু সেটাই একমাত্র পন্থা নয়। আর শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে আয়বৈষম্যকে দীর্ঘ মেয়াদে প্রতিহত করা সম্ভব। গরিবদের সন্তান যখন ধনীদের সন্তানের মতো গুণে-মানে উন্নত শিক্ষা পাবে, তখনই দীর্ঘমেয়াদি বিচারে আয়বৈষম্যকে প্রতিহত করা সম্ভব হবে। সর্বোপরি, সুশাসনের ক্ষেত্রে বৈষম্য দূর না করা গেলে আয়বৈষম্যকে প্রতিহত করা সম্ভব হবে না।
প্রথম আলো: এই সুশাসন না পাওয়ার বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন। এটা িক আইিন ব্যর্থতা?
বিনায়ক সেন: আমাদের সমাজে আইন না-মানার অধিকার কেবল ধনিক শ্রেণিরই, সেটা বছর বছর কালোটাকা সাদা করার অধিকার প্রদানের মাধ্যমেই সুস্পষ্ট। গরিবেরা কিন্তু আইন েমনে চলেন। অথচ ধনীরা এত বিপুল পুঁজির মালিক হয়েছেন যে তাঁরা আর বিনিয়োগে উৎসাহিত নন, অন্তত দেশের ভেতরে। অপরদিকে গরিবেরা বিনিয়োগের জন্য পুঁজি খুঁজে পাচ্ছেন না। এর থেকে অর্থনীতিতে অদক্ষতা জন্ম নিচ্ছে, যার মূলে রয়েছে ধনী-গরিবে প্রবল সম্পদবৈষম্য। ধনীরা ক্রমেই আরও ধনী হচ্ছেন। তার মূলে তাঁদের বিনিয়োগের দক্ষতা ততটা নয়, যতটা আইন না মেনেও পার পেয়ে যাওয়ার ক্ষমতা। বৈধ সূত্রে প্রাপ্ত আয়ের বৈষম্যের তুলনায় অবৈধ সূত্রে প্রাপ্ত আয় অনেক বেশি বৈষম্যমূলক। সুতরাং আয়বৈষম্যকে রুখতে হলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। শুধু সম্পদ-কর ও সারচার্জ বসিয়ে এটা করা সম্ভব নয়।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]