আয়ের লক্ষ্য বেশি চাপে থাকবে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ব্যয়ের পরিকল্পনা বড় হচ্ছে। তাই আগামী ২০১৪-১৫ অর্থবছরে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। এ জন্য আয় বাড়াতে হচ্ছে। কিন্তু আয় বাড়াতে গিয়ে আয়ের উৎসও খুঁজতে হচ্ছে। আর মানুষের কাছ থেকেই সেই টাকা নিতে নানা পন্থা বের করা হয়েছে।
মূলত মানুষের কাছ থেকে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও আমদানি শুল্কের নামে টাকা আদায় করা হয়। এই কাজটি করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সরকারের ব্যয়ের জোগান দিতে এনবিআরকে আগামী অর্থবছরে এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা জোগাড় করে দিতে হবে। এর মধ্যে আয়কর তথা প্রত্যক্ষ কর হিসেবে ৫৭ হাজার ৫০০ কোটি টাকা রয়েছে। আমদানি শুল্ক বাবদ ৩৫ হাজার ৭২০ কোটি টাকা এবং মূসক বাবদ ৫৬ হাজার ৫০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে৷ ফলে এবারই প্রথম আমদানি শুল্ক ও মূসককে ছাড়িয়ে আয়কর থেকে বেশি অর্থ আহরণের পরিকল্পনা করা হয়েছে।
আর এনবিআর সেই বিপুল আয়ের উৎস হিসেবে মানুষের তথা করদাতার ওপরেই ভরসা রাখতে হচ্ছে। একই সঙ্গে তা যেন সহজে আদায় করা যায় সেদিকেই চেষ্টা বেশি৷ এনবিআরের কর্মকর্তাদের খুব বেশি খাটতে হবে না এমন পদ্ধতিকেই বেছে নেওয়া হয়। করদাতা নিজ উদ্যোগেই কর দিয়ে দেবেন—এমন খাতকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
যেমন, প্রতিবছর আয়কর খাতে যত কর আদায় হয়, তার প্রায় ৬০ শতাংশ আসে উৎসে আয়কর থেকে। উৎসে কর এনবিআর সরাসরি নিজে আদায় করে না। বিভিন্ন ব্যাংক, সেবা প্রদানকারী ও গ্রহণকারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এনবিআরের পক্ষে উৎসে কর আদায় করে থাকে। পরে তা এনবিআরের কোষাগারে জমা দেয়।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, বাড়িভাড়ার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে নেওয়া হলে এনবিআরের কর্মকর্তাদের খাটতে হবে না। করদাতা শুধু বছর শেষে আয়কর বিবরণীর সঙ্গে ব্যাংক হিসাব বিবরণী জমা দেবেন। সেই ব্যাংক হিসাবের সঙ্গে ওই এলাকার বাড়িভাড়ার হারের সংগতি আছে কি না, তাই দেখবেন কর কর্মকর্তারা।
আবার কালোটাকা সাদা করার সুযোগ প্রদান থেকে আগামী অর্থবছরে বেশ কিছু অর্থ পাবে এনবিআর। তবে সেখানেও করদাতারা স্বেচ্ছায় এই সুযোগ নেবেন। কালোটাকার মালিকদের এনবিআর খুঁজে বের করবে না। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত চার অর্থবছরে দুই হাজার ৯৮ কোটি টাকার সমপরিমাণ কালোটাকা সাদা করা হয়েছে৷ এ থেকে কর আদায় হয়েছে প্রায় ২৮০ কোটি টাকা৷ সম্পদের ওপর সারচার্জ বসানোর স্তর পরিবর্তন করে বেশি সম্পদের মালিকদের কাছ থেকে কর আদায় করতে চায় এনবিআর। এটাও অনেকটা অফিসে বসে কর আদায়ের মতো।
আবার একইভাবে পরিবেশবান্ধব না হলেই কারখানা মালিকদের বেশি কর আরোপ করা হচ্ছে। কিন্তু ওই প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করার মতো সক্ষমতা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বাজেটে বাড়তি রাজস্ব আদায়ের চাপ সামলাতে এনবিআর প্রতিবছরই বেশ কিছু খাতে কর বসায়। বছর শেষে দেখা যায়, এসব খাত থেকে খুব বেশি রাজস্ব আদায় হয় না। এসব খাত থেকে রাজস্ব আদায়ের চেষ্টাও থাকে না। এনবিআর শুধু রাজস্ব আদায়ের হিসাব মেলানোর লক্ষ্যেই এসব করে থাকে। তবে এসব খাতে কর বসানোয় মানুষের ওপর করের চাপ বাড়ে।