আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও রবির করপোরেট চুক্তি সই
মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড নিজ গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়ার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল (প্রা.) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে।এ চুক্তির ফলে রবির গ্রাহকেরা আয়েশা মেমোরিয়াল হাসপাতালে বিশেষ ছাড়ে নিশ্চিত চিকিৎসাসেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসুবিধা পাবেন। এ ছাড়াও রবিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বিশেষ ছাড়ে করপোরেট স্বাস্থ্যসেবা। রাজধানীর মহাখালীতে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের সম্মেলনকক্ষে সম্প্রতি এই দ্বিপক্ষীয় করপোরেট চুক্তিটি সম্পাদিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু ও আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। এ সময় রবির ভাইস প্রেসিডেন্ট (কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট) বর্ণা আহমেদ, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ কুমার বসু বলেন, ‘এ চুক্তির ফলে রবির সংযোগ ব্যবহারকারীরা প্রয়োজনীয় মুহূর্তে কম খরচে দ্রুত চিকিৎসাসেবা পাবেন।’