আয়োডিনের দাম কমানোর দাবি লবণ মিল মালিকদের
লবণ মিল মালিকেরা আয়োডিনের দাম কমানোর দাবি জানিয়েছেন। তা না হলে আয়োডিনযুক্ত লবণের দাম যেমন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে, তেমনি অনেক মিলের লবণে আয়োডিন না মেশানোর আশঙ্কাও রয়েছে বলে তাঁরা মনে করেন।জানা গেছে, দেশে সাধারণ মানুষের আয়োডিনের ঘাটতি পূরণের লক্ষ্যে ১৯৮৬ সালে ইউনিসেফ লবণ মিল মালিকদের বিনা মূল্যে সরাসরি আয়োডিন ও আয়োডিন মেশানোর যন্ত্র সরবরাহের প্রকল্প চালু করে। আর ১৯৯৩ সাল থেকে কাজটি শুরু করা হয় সরকারি সংস্থা বিসিকের মাধ্যমে। কিন্তু প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে ২০০০ সালের জুলাই থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত বিসিক মিল মালিকদের কাছ থেকে আমদানি খরচের ২৫ শতাংশ নেয়। তখন প্রতি কেজি আয়োডিনের দাম ধরা হয়েছিল ২৩২ টাকা ৫০ পয়সা। এরপর দফায় দফায় দাম বাড়ে। ২০১০ সালের জুলাইয়ে আয়োডিনের দাম দুই হাজার ৮০০ টাকা। পরে সরকার ৮০০ টাকা ভর্তুকি দিয়ে মূল্য নির্ধারণ করে প্রতি কেজি দুই হাজার টাকা। সর্বশেষ দাম নির্ধারণ করা ছয় হাজার ৮০০ টাকা, যা ১ জুলাই থেকে কার্যকর করা হয়।মিল মালিকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে বর্তমান নির্ধারিত মূল্যে আয়োডিন কিনতে হবে। ভবিষ্যতে সরকার যদি ভর্তুকি দেয়, তাহলে পরে তা সমন্বয় করা হবে।খুলনা লবণ মিল মালিক সমিতির সভাপতি অনিল পোদ্দার ও সাধারণ সম্পাদক রফি আহমেদ প্রথম আলোর সঙ্গে আলাপকালে প্রশ্ন তোলেন, সরকার যেখানে ইপিআই ও কৃষিতে ভর্তুকি দিচ্ছে, সেখানে জনস্বার্থে আয়োডিনে কেন ভর্তুকি দেবে না? তাঁরা সমিতির পক্ষ থেকে সরকারের কাছে ভর্তুকি দিয়ে আগের দামে আয়োডিন দেওয়ার দাবি জানান। বিসিকের আঞ্চলিক পরিচালক শেখ মো. খবির উদ্দিন প্রথম আলোকে জানান, আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরকার আয়োডিনের দাম বাড়িয়েছে। তবে দাম কমানোর বিষয়ে বিসিকের প্রধান কার্যালয়ে সুপারিশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক গাজী মিজানুর রহমান বলেন, শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশের জন্য মানবদেহে আয়োডিনের খুবই প্রয়োজন। কারণ, আয়োডিনের অভাবে মানসিক প্রতিবন্ধিতা, শারীরিক অস্বাভাবিকতা, বামনত্ব, গলগণ্ড বা ঘ্যাগ রোগ, শিশুমৃত্যু, গর্ভপাত, মৃত শিশুর জন্ম এবং হাবাগোবা ভাব দেখা দিতে পারে।