ই-কমার্স খাতকে ভ্যাটমুক্ত রাখার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-কমার্স খাতকে ভ্যাটমুক্ত রাখার আহ্বান জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতকে একটি আলাদা খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জন্য এটি একটি ইতিবাচক হলেও বাজেটে অনলাইনে পণ্য ও সেবা বেচা-কেনার ওপর ৪ শতাংশ ভ্যাট (মূসক) ঘোষণা করা হয়েছে। ই-কমার্সের মতো একটি উঠতি, বিকাশমান ও অপেক্ষাকৃত নতুন খাতের ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে পণ্য বেচা-কেনার ওপর সরকারের ৪ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হলে দেশে অনলাইনে কেনাকাটায় ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তখন অনেক তরুণ উদ্যোক্তা ই-কমার্স ব্যবসায় করার উদ্যম হারিয়ে ফেলবেন।