ই-কমার্সের সরবরাহ ব্যবস্থায় সমস্যা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ই-কমার্সের সরবরাহব্যবস্থায় অনেক সমস্যা আছে। এই ব্যবস্থাকে কার্যকর করা গেলে ব্যবসার গতি বাড়বে। পাশাপাশি নিয়ন্ত্রণব্যবস্থা আরও বাড়াতে হবে।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনের ই-কমার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান টি আই এম নুরুল কবীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আমজাদ হুসেইন, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মো. আবদুল হক, মো. সাহাব উদ্দিন, মোস্তাফিজুর রহমান সোহেল, জিয়া আশরাফ, এম রাশিদুল হাসান প্রমুখ।

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ই-কমার্স দেশের একটি সম্ভাবনাময় খাত। এ খাতের সংকট কাটিয়ে টেকসই অবস্থানে যেতে হবে। আর টেকসই ই-কমার্স তৈরিতে অবশ্যই খাতটির উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নানা কারণে ই-কমার্স খাত ক্রেতাদের আস্থার সংকটে পড়েছে বলে মন্তব্য করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার। তিনি বলেন, করোনাকালে দেশে ই-কমার্স সেবা কয়েক গুণ বেড়েছে। কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ই-কমার্সের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

শমী কায়সার জানান, ভোক্তাদের আস্থা ফেরাতে শিগগিরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে অভিযোগ ব্যবস্থাপনা সেল গঠন করা হবে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে ইউনিক আইডেনটিফিকেশন নম্বর। এ ছাড়া সংকট উত্তরণে ও নতুন উদ্যোক্তা তৈরিতে এক বছরের রূপকল্প তৈরি করবে এফবিসিসিআই।

ই-কমার্সের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী।