ই-টিআইএন গ্রহণের সময় তিন মাস বাড়ল
ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়ার সময় আরও তিন মাস বাড়ল। আগামী ৩০ জুন পর্যন্ত ই-টিআইএন নেওয়া যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর ঘোষণা দেয়। এ নিয়ে দ্বিতীয় দফায় এ সময় বাড়ানো হলো।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ই-টিআইএন বা পুনর্নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে জরিমানা আরোপসহ আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-টিআইএন নেওয়ার সময় বেঁধে দিয়েছিল। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় আরও তিন মাস সময় বাড়ানো হয়। তাতেও সাড়া মেলেনি।
এনবিআরের হিসাবমতে, পুরোনো টিআইএনধারীদের মধ্যে মাত্র আট লাখ ৮৯ হাজার পুনর্নিবন্ধন নিয়েছেন। অকার্যকর টিআইএন স্থগিত করার পর বর্তমানে ১৭ লাখ টিআইএনধারী রয়েছেন।
সব মিলিয়ে এ পর্যন্ত ১১ লাখ ২৮ হাজার ই-টিআইএন দিয়েছে এনবিআর।