ই-টিআইএন ঘিরে আয়কর বিবরণী দাখিলে ভোগান্তি

অনলাইনে কর শনাক্তকরণ সংখ্যা বা ই-টিআইএন না থাকলে করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা না নিতে মাঠ পর্যায়ের কর কার্যালয়ে নির্দেশনা পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের এই নির্দেশনার কারণে কর সার্কেল কার্যালয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন অনেক করদাতা। যাঁরা এখন পর্যন্ত ই-টিআইএন নেননি, তাঁদের বিবরণী জমা রাখলেও স্বীকৃতিপত্র দিতে চাইছে না অনেক কার্যালয়। আবার অনেক কার্যালয়ে করদাতাদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ই-টিআইএন দেওয়ার চেষ্টা করা হলেও তা ঠিকমতো দেওয়া যাচ্ছে না।
এতে করে সংশ্লিষ্ট কর কর্মকর্তারাও সমস্যায় পড়েছেন। অনেকে বাধ্য হয়ে গতানুগতিকভাবে বিবরণী জমা নিয়ে আপাতত স্বীকৃতিপত্র দিয়ে দিচ্ছেন।
অথচ এ বছরের ১ জুলাই ই-টিআইএন চালু করার সময়ই এনবিআর এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরোনো টিআইএনধারীদের নতুন ই-টিআইএন গ্রহণের সময় দিয়েছে। আর চলতি করবর্ষের আয়কর বিবরণী পুরোনো টিআইএন দিয়ে দাখিল করা যাবে বলেও জানিয়ে দেয়।
কিন্তু গত ১২ আগস্ট এনবিআর থেকে দেশের সব কর কমিশনারকে এক চিঠিতে অনলাইন টিআইএনের মাধ্যমে আয়কর বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠির ভাষ্য অনুযায়ী, যেসব করদাতা ২০১৩-১৪ করবর্ষের আয়কর বিবরণী দাখিলের সময় নতুন প্রবর্তিত ১২ সংখ্যার টিআইএন উল্লেখ করবেন না, তাঁদের ক্ষেত্রে ই-টিআইএনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পুনর্নিবন্ধন করতে হবে। সব কর অঞ্চলের অধীনে সার্কেল কার্যালয়ের কর্মকর্তারা এই কাজটি করে দেবেন। নতুন ইটিআইএনের ক্রম (১২ সংখ্যাবিশিষ্ট) দিয়ে বার্ষিক বিবরণী জমা করতে হবে। শুধু ই-টিআইএন থাকলেই কেবল সংশ্লিষ্ট করদাতার বার্ষিক আয়কর বিবরণী গ্রহণের প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে। আর এতেই বিপত্তি দেখা দিয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ডিসেম্বর মাসের মধ্যে পুরোনো টিআইএনধারীদের অনলাইন টিআইএন নিতে হবে। কিন্তু সেপ্টেম্বর মাসেই তাঁরা বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে আসবেন। করদাতাদের যাতে দুবার কষ্ট করতে না হয়, সে জন্য সার্কেল অফিসে এসে রিটার্ন জমার সময় ই-টিআইএন করে দেওয়া হবে। তবে এ জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র লাগবে। এতে এক কাজে এসে দুই কাজই হয়ে যাবে।’
এনবিআর সূত্রে জানা গেছে, পুরো অনলাইন ব্যবস্থাটি তৈরি, হালনাগাদ ও পরিচালনা করছে সিনেসিস সিস্টেম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ভুল সংশোধনের জন্য একটি উপায় তৈরি করার জন্য ইতিমধ্যে এনবিআর থেকে প্রতিষ্ঠানটিকে জানানো হয়েছে। কিন্তু ওয়েবসাইটে এখনো ভুল সংশোধনের জন্য আলাদা ‘অপশন’ তৈরি করা হয়নি।
তা ছাড়া অনলাইনে নিরাপত্তাজনিত বিষয়েও ঘাটতি রয়ে গেছে। তাই অনেক সময়ই ই-টিআইএনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে বা প্রবেশ করে কাজ শুরু করতে গেলে শক্তিশালী অ্যান্টিভাইরাস তা ‘ঝুঁকিপূর্ণ’ অভিহিত করে আটকে দিচ্ছে। অনলাইনে টিআইএন নেওয়ার ওয়েবসাইট হলো www.incometax.gov.bd। কোম্পানি টিআইএনের ক্ষেত্রে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধন থাকতে হবে।