ই-টিআইএন নিয়ে বিপাকে প্রবীণ করদাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর মেলার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় থাকায় করদাতারা এভাবেই সারি বেঁধে মেলা প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করেন ষ প্রথম আলো
আয়কর মেলার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় থাকায় করদাতারা এভাবেই সারি বেঁধে মেলা প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করেন ষ প্রথম আলো

আনোয়ারা বেগম ৬৮ বছর বয়সী করদাতা। এই বয়সেও তিনি নিয়মিত বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে যাচ্ছেন। কিন্তু চলতি করবর্ষের বার্ষিক রিটার্ন বা বিবরণী জমা দিতে গিয়ে তিনি বিপাকে পড়েছেন।
চলতি বছর থেকে পুরোনো কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাতিল করে অনলাইনে ইলেকট্রনিক টিআইএন বা ই-টিআইএন নেওয়ার বিধান করা হয়েছে।
অনলাইনে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-টিআইএন করার অপশনে যেতে হবে। তারপর ই-টিআইনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি দিলে স্বয়ংক্রিয়ভাবে ইটিআইএন দেওয়া হবে।
আনোয়ারা বেগম জীবনে কোনো দিন কম্পিউটার চালাননি; ইন্টারনেট ব্যবহার তো দূরের কথা। ই-টিআইএন নিতে তাঁকে এখন কম্পিউটার চালানো শিখতে হবে। আবার ইন্টারনেট ব্যবহার শিখলেই হবে না, এগুলো না পারলেও চলত, কিন্তু খুলতে হবে নিজের ই-মেইল ঠিকানা। আবার থাকতে হবে নিজের মুঠোফোন। এসব না থাকায় ই-টিআইএন নিতে পারছেন না তিনি। এমনকি অন্যের ই-মেইল ঠিকানা ও মুঠোফোন নম্বরও ব্যবহার করা যাবে না।
এই সমস্যা শুধু আনোয়ারা বেগমের নয়, পঞ্চাশোর্ধ্ব বেশির ভাগ করদাতার। তাদের নিজের কোনো ই-মেইল ঠিকানা নেই, ইন্টারনেটের ব্যবহার জানেন না। নিজের ই-মেইল ঠিকানা না থাকায় ই-টিআইএন করতে পারছেন না তাঁরা। অথবা ভুয়া ই-মেইল ব্যবহার করতে হচ্ছে।
কর প্রদানের ব্যবস্থা সহজ করতে ই-টিআইএন চালু করে এনবিআর। করদাতাদের যাতে তৃতীয় কারও সহযোগিতা নিতে না হয়, সে জন্য সহজে বার্ষিক আয়কর বিবরণী প্রস্তুতসহ অন্যান্য কর-সুবিধা চালু করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, বিবরণী জমা প্রদানকারীর অর্ধেকের বেশি করদাতার বয়স ৫০ বছর পেরিয়ে গেছে। তাদের বেশির ভাগই ইন্টারনেটের ব্যবহার জানেন না। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো জনসংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য।
এ সুযোগে পাড়া-মহল্লার অনেক দোকান ই-টিআইএন করে দেওয়ার মৌসুমি ব্যবসা খুলে বসেছে। দোকানের সামনে বিজ্ঞাপনও ঝুলছে। প্রতিটি ই-টিআইএন করার জন্য ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে। সেগুনবাগিচা, কাকরাইল, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল এলাকায় এ ধরনের দোকানের সংখ্যা বেশি। এসব দোকানে ভুয়া ই-মেইল, ইউজার আইডি ব্যবহার করা হচ্ছে। ফলে বহু ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যাচ্ছে।
তবে যাঁরা ঘরে বসে ই-টিআইএন নিতে পারবেন না, তাঁরা সংশ্লিষ্ট কর অফিসে গিয়ে ই-টিআইএন নিতে পারবেন বলে এনবিআর ব্যবস্থা রেখেছে। সে ক্ষেত্রেও কোনো কোনো কর কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক করদাতা প্রথম আলোর কাছে এ অভিযোগ করেছেন।
এ সম্পর্কে জানতে চাইলে এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ বলেন, ‘কারও যদি ই-মেইল ঠিকানা না থাকে, তবে সংশ্লিষ্ট কর অফিস তাঁর ই-টিআইএন করে দেবে। এ জন্য কোনো টাকা নেওয়া হয় না। আর চলতি বছর পুরোনো টিআইএন দিয়ে রিটার্ন দেওয়া যাবে। সে জন্য বাড়তি একটি ফরম পূরণ করতে হবে।’
তবে অর্থ নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ কোনো করদাতা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
আবার অনেক করদাতা আইনজীবীর মাধ্যমে বার্ষিক রিটার্ন জমা দেন। সে ক্ষেত্রে ই-টিআইএন করে দেওয়ার জন্য বাড়তি অর্থ নিচ্ছেন কর আইনজীবীরা।
এদিকে ই-টিআইএনের ভুল সংশোধনের জন্য এখন পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়নি ই-টিআইএন পোর্টালে। গত জুলাই মাসের শুরুতেই ভুল সংশোধনের বিষয়টি এনবিআরের নজরে থাকলেও এখন পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিআইএনধারীকে ই-টিআইএন নিতে হবে। এরপর আর পুরোনো টিআইএন গ্রহণ করবে না এনবিআর। তবে চলতি করবর্ষের বিবরণী দাখিলের সময়ই প্রায় ১২ লাখ করদাতাকে ই-টিআইএন নেওয়ার কৌশল অবলম্বন করেছে এনবিআর। এ জন্য পুরোনো টিআইএন দিয়ে বিবরণী গ্রহণ করলেও বাড়তি একটি ফরম পূরণ করিয়ে রাখেন এনবিআরের কর কর্মকর্তারা। পরে সেই ফরমের তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট করদাতার ই-টিআইএন তৈরি করে দেন তাঁরা। তাতে মাশুল নেওয়ার কোনো বিধান নেই।
এনবিআরের সর্বশেষ হিসাবমতে, অনলাইনে প্রায় সাড়ে তিন লাখ টিআইএন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন টিআইএন প্রায় ৮০ হাজার। বাকি সব পুরোনো টিআইনের বিপরীতে পুনর্নিবন্ধন নেওয়া হয়েছে।