ই-পাঠাগার ও নতুন ওয়েবসাইট চালু করল সিএসই
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ই-পাঠাগার ও সংস্থাটির নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার চট্টগ্রামে সিএসই কার্যালয়ে ই-পাঠাগারের উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক হেলালউদ্দিন নিজামী, সিএসইর সভাপতি আল মারুফ খানসহ সংস্থাটির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিএসই জানিয়েছে, এই ই-পাঠাগারের মাধ্যমে এর সদস্য ও ব্যবহারকারীরা বিশ্বমানের প্রকাশনার সঙ্গে যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে বিশ্বব্যাংক ই-পাঠাগার, ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস, টেলর অ্যান্ড ই-বেস্টসেলার প্যাকেজ, অক্সফোর্ড জার্নাল, এসপিআইই ডিজিটাল লাইব্রেরি, প্রজেক্ট মিউস, ওইউপি ই-বুকস্ অক্সফোর্ড স্কলারশিপ অনলাইন, এনপিজি-প্যালগ্রেভ ম্যাকমিলান জার্নালস্ল ইনস্টিটিউট ফর অপারেশনস্ রিসার্চ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট সায়েন্স, এবসেকা হোস্ট রিসার্চ ডেটাবেইজ এবং অ্যানুয়েল রিভিউ জার্নালস পাঠ করা যাবে। একই সঙ্গে সিএসইর ওয়েবসাইটটিকে বিনিয়োগকারীদের জন্য আরও বেশি ব্যবহার উপযোগী ও আধুনিক করা হয়েছে।