ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে করমুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশন (বিইএমএসএ) ছাত্রছাত্রীদের বেতন এবং বিদ্যালয়গুলোর বাড়িভাড়ার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার চায়।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির সভাপতি মো. মোরশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জি এম নিজাম উদ্দিন এ দাবি জানান।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেতনের ওপর ৭ দশমিক ৫ শতাংশ এবং বিদ্যালয়ের জন্য নেওয়া বাড়িভাড়ার ওপর ৯ শতাংশ মূসক আরোপ করা হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের বাবা-মা ও আইনি অভিভাবকদের টিআইএন থাকাও বাধ্যতামূলক করা হয়।
জি এম নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, মূসক প্রত্যাহার হলে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কমবে। শুধু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অভিভাবকদের টিআইএন বাধ্যতামূলক করা বৈষম্যমূলক।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাঁরা অভিযোগ জানাতে এসেছিলেন। আমি তাঁদের কথাগুলো শুনেছি।’
তবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি অভিভূত! জানতামই না যে, দেশে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর এতটা বিকাশ হয়েছে।’