ইআরএফ পুরস্কার পেলেন প্রথম আলোর তিন সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সেরা রিপোর্টিং পুরস্কার, ২০১৮ পেলেন ১১ সাংবাদিক। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে গতকাল বুধবার রাতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের হাতে এ পুরস্কার তুলে দেন।

দৈনিক পত্রিকা, অনলাইন ও টেলিভিশন বিভাগে আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দৈনিক পত্রিকা শ্রেণিতে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও কৃষি অর্থনীতি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন প্রথম আলোর তিন সাংবাদিক। বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদনের জন্য ব্যাংক-বিমা শ্রেণিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম, ’৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির জন্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের দুই মামলা বাতিল নিয়ে প্রতিবেদনের জন্য প্রথম আলোর বাণিজ্য সম্পাদক সুজয় মহাজন ও অপ্রচলিত পণ্য নারকেলের ছোবড়া বিদেশে রপ্তানি বিষয়ে প্রতিবেদনের জন্য প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শুভংকর কর্মকার তিন বিভাগের সেরা প্রতিবেদনের পুরস্কার পান। কৃষি অর্থনীতি নিয়ে সেরা প্রতিবেদন শ্রেণিতে শুভংকর কর্মকারের সঙ্গে যৌথ অংশীদার ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক সোহেল পারভেজ।

এ ছাড়া দৈনিক পত্রিকা ও অনলাইন বিভাগে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের পুরস্কার জিতেছেন দৈনিক সমকাল পত্রিকার ওবায়দুল্লাহ রনি। সাধারণ অর্থনীতি ও বেসরকারি খাত বিষয়ে সেরা প্রতিবেদনের পুরস্কার জিতেছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন।

টেলিভিশন বিভাগে অনুসন্ধানী শ্রেণিতে চ্যানেল ২৪-এর বার্তা সম্পাদক আবদুল কাইয়ুম, ব্যাংক-বিমায় যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন, কৃষি অর্থনীতিতে গাজী টেলিভিশনের প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, পুঁজিবাজার শ্রেণিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা ও সাধারণ অর্থনীতিতে এসএ টেলিভিশনের সালাউদ্দিন বাবলু।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা অনেক দূর এগিয়ে গেছে। সাংবাদিকেরা বস্তুনিষ্ঠুতা ও সততার সঙ্গে যেকোনো অনিয়ম, ভুল–ত্রুটি তুলে ধরবেন—এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি যখন কারও বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তখন যেন অভিযুক্তের বক্তব্যও প্রতিবেদনে স্থান পায়, সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইআরএফের সভাপতি সাইফ ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।