ইআরএফ পুরস্কার পেলেন তিন সাংবাদিক
দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘ইআরএফ অ্যাওয়ার্ড-২০১২’ সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বহুজাতিক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) চেয়ারম্যান গোলাম মাঈনূদ্দীন। ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দিনের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি।এ বছর ব্যাংক খাতের সেরা প্রতিবেদনের জন্য প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ, সাধারণ অর্থনীতি বিভাগে ইনকিলাবের সাবেক উপপ্রধান প্রতিবেদক (বর্তমানে এসএ টেলিভিশনে কর্মরত) সালাউদ্দিন বাবলু এবং বাণিজ্য-অর্থায়ন শ্রেণীতে মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ তৌহিদ পুরস্কার জিতেছেন। বিজয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী।বহুজাতিক কোম্পানি বিএটি গতবার থেকে এই পুরস্কার ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে। এ বছর এই আয়োজনের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে আজীবন সম্মাননা পুরস্কার। প্রথমবার এই সম্মাননা পেয়েছেন ইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন।