ইআরকিউ হিসাব চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউটসোর্সিং রপ্তানি সেবায় তরুণ ও পেশাজীবীদের জন্য নতুন হিসাব চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সহযোগিতায় চালু করা এ হিসাবের নাম ইউএস ডলার এক্সপোর্টার রিটেনশন কোটা বা ইআরকিউ। এর সঙ্গে সঞ্চয়ী হিসাবও থাকবে।
রাজধানীর একটি হোটেলে সোমবার এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার, হেড অব রিটেইল ক্লায়েন্ট আদিত্য মান্ডলই ও বেসিসের সভাপতি শামীম আহসান এতে উপস্থিত ছিলেন।
পদ্ধতিটি হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে যাঁরা বৈদেশিক মুদ্রা আয় করবেন, তাঁদের আয়ের ৬০ শতাংশ ইউএস ডলার আকারে ইআরকিউ হিসাবে জমা হবে। বাকি ৪০ শতাংশ দেশীয় মুদ্রায় জমা হবে সঞ্চয়ী হিসাবে।
অনুষ্ঠানে জানানো হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এ সেবা পেতে ব্যক্তি পর্যায়ে বা আউটসোর্সিং প্রতিষ্ঠানকে বেসিস থেকে প্রামাণিক স্বাক্ষরপত্র নিতে হবে। স্বাক্ষরপত্রের আবেদন ফরম পাওয়া যাবে বেসিসের ওয়েবসাইটে (www.basis.org.bd )|