ইইউ ও কানাডার মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডার মধ্যে বহু প্রতীক্ষিত একটি মুক্তবাণিজ্য চুক্তি অবশেষে সই হয়েছে। গতকাল রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইইউর উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
সিটা নামে পরিচিত ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক এ চুক্তির ফলে ইইউ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ৯৯ শতাংশ কমবে এবং বাণিজ্যের পরিমাণ বছরে ১ হাজার ২০০ কোটি ডলার করে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া চুক্তির ফলে ইউরোপের রপ্তানিকারকদের বছরে ৫০ কোটি ইউরোর সমপরিমাণ শুল্ক দিতে হবে না বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
বিবিসি জানিয়েছে, চুক্তিটি গত বৃহস্পতিবার সই হওয়ার কথা ছিল। তবে বেলজিয়ামে এটি বিরোধিতার মুখে পড়ে। ফলে স্বাক্ষর অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার ইইউর ২৮টি দেশ সম্মতি দেওয়ার পর চুক্তিটি স্বাক্ষরের পথ খুলে যায়।
সাত বছর ধরে ইইউ ও কানাডা এ চুক্তি নিয়ে আলোচনা করছিল। ২০১৪ সালের আগস্টে দর-কষাকষি শেষ হয়। তবে সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চল শ্রমমান, পরিবেশ ও কৃষকদের আরও সুরক্ষা দাবি করে চুক্তিতে ভেটো দেয়।
এ চুক্তি সই করতে ইউরোপের সব কটি দেশের সম্মতির প্রয়োজন ছিল। বেলজিয়াম সরকারও নিজ দেশের সব অঞ্চলের সম্মতি ছাড়া চুক্তিতে সই করতে পারত না। সপ্তাহজুড়ে অনিশ্চয়তার পর বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেন, দীর্ঘ আলোচনায় তাঁরা চুক্তিতে এমন কিছু সংযুক্ত করতে সম্মত হয়েছেন, যেখানে আঞ্চলিক উদ্বেগ বিবেচনায় আসবে।
গতকাল সকালেও আশঙ্কা ছিল যে চুক্তিটি হচ্ছে না। কানাডার প্রধানমন্ত্রীর বিমান যান্ত্রিক ত্রুটিতে উড্ডয়নের পর আবার অবতরণ করায় এ আশঙ্কা ঘনীভূত হয়।
চুক্তি সইয়ের পর ইইউর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এ চুক্তিকে ইউরোপের বাণিজ্যনীতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
এ চুক্তিটি যুক্তরাজ্যের নজরে থাকবে। কারণ, যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে শিগগিরই আলোচনা শুরু করবে। অবশ্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার বলেছেন, এ চুক্তি ব্রেক্সিটের আলোচনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।