ইইউ থেকে 'জিএসপি প্লাস' পাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে পোশাক রপ্তানিতে ভবিষ্যতে ‘জিএসপি প্লাস’ সুবিধা পাবে বাংলাদেশ। এ ব্যাপারে এখনই কাজ শুরু হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ইউরোপীয় কমিশন আয়োজিত ‘জিএসপির মধ্যবর্তী মূল্যায়নবিষয়ক স্টেকহোল্ডার আউটরিচ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইউরোপীয় কমিশনের বাণিজ্যবিষয়ক মহাপরিচালক ডেনিয়েল ক্রেমার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু উপস্থিত ছিলেন।
জিএসপি হচ্ছে পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। ইইউতে পণ্য রপ্তানিতে বাংলাদেশ এই সুবিধা পায়। ইইউ সুবিধাটি দেয় বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি)। এলডিসির তালিকা থেকে বেরিয়ে গেলে ইইউ দেয় জিএসপি প্লাস সুবিধা। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে গেলে ইইউ শুল্কমুক্ত সুবিধা দেবে কি না—এ নিয়ে বহু দিন ধরেই আলোচনা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী মূলত এ বিষয়েই জিএসপি প্লাসের কথাটি বলেছেন। তোফায়েল আহমেদ বলেন, এলডিসি থেকে বেরিয়ে গেলেও ইইউর বাজারে পণ্য রপ্তানিতে জিএসপি প্লাস সুবিধা পাবে বাংলাদেশ। এ ব্যাপারে কাজ শুরু হয়েছে।
গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ২ হাজার ৮০০ কোটি ডলার এবং এর মধ্যে ইইউভুক্ত দেশগুলোতেই রপ্তানি হয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলার—ইপিবির এমন তথ্য তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রপ্তানি আরও বাড়বে। এ বৃদ্ধির পেছনে জিএসপি সুবিধাই অন্যতম ভূমিকা রেখেছে ও রাখবে।
বাংলাদেশের শ্রমিকেরা আন্তর্জাতিক বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না বলেও অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, ‘রানা প্লাজা ধস আমাদের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। এরপর আমরা পোশাকশিল্পের কর্মপরিবেশসহ নানা ক্ষেত্রে উন্নতি করেছি। শ্রমিকদের মজুরিও বাড়ানো হয়েছে।’
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, ইইউর বাজারে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া দেশ বাংলাদেশ। এ সুবিধার কারণে কর্মসংস্থান বৃদ্ধিসহ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বাংলাদেশের। পোশাক খাতে ৪০ লাখ নারী শ্রমিক কাজ করছেন। বিষয়টি দারিদ্র্য দূরীকরণেও সাহায্য করেছে।