ইইউ বিজনেস কাউন্সিল হবে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশে দায়িত্ব পালনরত ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী চেম্বারগুলোর ব্যবসায়িক নেতাদের নিয়ে ‘ইউরোপিয়ান ইউনিয়ন বিজনেস কাউন্সিল’ গঠন করবে সরকার।
এতে ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়বে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করা সম্ভব হবে।
এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ দেশে নবনিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মেয়াউডনের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।
তোফায়েল আহমেদ বলেন, সার্বিকভাবে দেশের রপ্তানির পরিমাণ এখন তিন হাজার কোটি ডলারের বেশি। এর অর্ধেকের বেশি রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে। ভবিষ্যতে সেসব দেশে রপ্তানি আরও বাড়বে। এ জন্য ইইউ সব ধরনের সহযোগিতা দেবে। ইইউ বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ এবং জাহাজ আমদানির আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।