ইইউতে চিংড়ি রপ্তানির বাধা দূর হচ্ছে: মন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় বাংলাদেশি চিংড়ি রপ্তানির প্রতিবন্ধকতা দূর হচ্ছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।মন্ত্রী বলেছেন, ইতিমধ্যে বিশ্বের দুটি দেশে পরীক্ষা করে বাংলাদেশি চিংড়িতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ (নাইট্রোফুরান) পাওয়া যায়নি। বেলজিয়াম ও যুক্তরাজ্যের দুটি পরীক্ষাগারে এ পরীক্ষা করা হয়।গতকাল বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত উপস্থিত ছিলেন।মন্ত্রী জানান, আপত্তির মুখে গত নভেম্বর মাস থেকে ইইউর দেশগুলোয় গলদা চিংড়ি রপ্তানি বন্ধ রাখা হয়। তবে মে মাস থেকে সীমিতভাবে চালু করা হয়। এ ক্ষেত্রে মোট রপ্তানিকৃত চিংড়ির ২০ শতাংশ বিদেশে পুনঃপরীক্ষা করাতে হতো। মন্ত্রী বলেন, পরীক্ষা করে চিংড়িতে ক্ষতিকর কোনো পদার্থ পাওয়া যায়নি। বিষয়টি ইইউকে জানানো হয়েছে। আগামী মার্চ মাসে ইইউর প্রতিনিধিদল ঢাকায় আসার কথা রয়েছে। সে সময় তাঁদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে ২০ শতাংশ পরীক্ষার বিধানও উঠে যাবে বলে আশা করেন মন্ত্রী। ফলে চিংড়ি রপ্তানি বাড়বে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে ২২ কোটি ৩০ লাখ ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি। বাংলাদেশের মোট রপ্তানিকৃত চিংড়ির ৫০ শতাংশই ইউরোপীয় ইউনিয়নের বাজারে যায়।