ইইউতে পণ্য রপ্তানির নতুন প্রথা চালু হলো
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে নতুন প্রথা চালু হয়েছে। এই প্রথায় পণ্য রপ্তানির আগে পণ্যের বিস্তারিত তথ্য ইইউ শুল্ক কর্তৃপক্ষের কাছে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এটা না হলে ইইউভুক্ত কোনো দেশ বাংলাদেশের কোনো পণ্য-চালান গ্রহণ করবে না। জানা গেছে, নতুন এই ব্যবস্থার জন্য জাহাজ কোম্পানিগুলো প্রতিটি রপ্তানি-চালানে ২৫ ডলার হারে মাশুল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। আর প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে হলে প্রতি চালানে বাড়তি ৪০ ডলার হারে মাশুল দিতে হবে। বাড়তি মাশুল আদায়ের সিদ্ধান্তের কথা স্বীকার করে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মো. মুনতাসীর রুবাইয়াত প্রথম আলোকে বলেন, ১ জানুয়ারি থেকে নতুন এই পদ্ধতি চালু হয়েছে। তিনি বলেন, জাহাজের মূল মালিক প্রতি চালানে এই মাশুল আদায় করলেও তা ইইউ কাস্টম হাউসে পরিশোধ করতে হবে। চট্টগ্রাম বন্দর দিয়ে ইইউতে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই লাখ ১৩ হাজার ইউনিট কনটেইনার পরিবহন হয় বলে তিনি জানান। জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, ‘এন্ট্রি সামারি ডিক্লারেশন-ইএনএস’ নামে নতুন এ প্রথায় জাহাজে পণ্য বোঝাই করার ২৪ ঘণ্টার মধ্যে পণ্যের বিস্তারিত তথ্য পাঠাতে হবে ইইউ শুল্ক কর্তৃপক্ষের কাছে। পণ্য পরিবহনের দায়িত্বে নিয়োজিত জাহাজ কোম্পানি এবং ফ্রেইট ফরোয়ার্ডাররা মূল মালিকের পক্ষে এই তথ্য পাঠানোর দায়িত্বে থাকবেন। এ জন্য যে মাশুল আরোপ করা হচ্ছে তা চলে যাবে জাহাজের মূল মালিকের কাছে। অর্থাৎ বাংলাদেশি রপ্তানিকারকদের থেকে এই টাকা চলে যাবে বিদেশে। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই মাশুল আদায় করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোশাকশিল্প খাত। কারণ তৈরি পোশাকশিল্পের ৫৫ থেকে ৫৮ শতাংশ পণ্য রপ্তানি হয় ইইউ দেশগুলোতে।’ তিনি জানান, এই মাশুল আদায় স্থগিত করার জন্য উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো পণ্য আমদানিতে নিরাপত্তা-ঝুঁকি কমাতে এই প্রথা চালু করেছে। নতুন প্রথায় পণ্যের বর্ণনা, পণ্যের পরিচিতি নম্বর (এইচএসকোড), কনটেইনার নম্বর, পণ্যের ওজন ও সিল নম্বর, মোড়কের সংখ্যা, বিপজ্জনক পণ্যের কোড ইত্যাদি জানাতে হবে। জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, এই শর্ত না মানলে গুরুতর অনিয়মের ক্ষেত্রে রপ্তানিকারক দেশেই পণ্য বোঝাই স্থগিত করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন। এমনকি জাহাজ কোম্পানি বা পণ্য পরিবহনকারীকে জরিমানাও করতে পারে শুল্ক কর্তৃপক্ষ। বিজিএমইএর বন্দর ও শিপিংবিষয়ক কমিটির চেয়ারম্যান হাসান আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ইইউ দেশগুলো যেসব তথ্য চেয়েছে সেগুলো আগে জাহাজ পৌঁছার পর দেওয়া হতো। এখন কনটেইনার জাহাজে বোঝাই করার আগেই দিতে হবে। এই সামান্য তথ্য বিনিময়ের জন্য এ রকম মাশুল আদায় করা অযৌক্তিক।’ জাহাজ কোম্পানি ও রপ্তানিকারক সংস্থাগুলোর প্রাথমিক হিসাবে দেখা গেছে, নতুন এই মাশুলের কারণে বছরে অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকা চলে যাবে বিদেশে।