ইইউতে বাজার হারাচ্ছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের দেশগুলোতে গত এক বছরে যুক্তরাজ্যের রপ্তানি কমেছে ২০ বিলিয়ন তথা ২ হাজার কোটি পাউন্ড। ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা এবং বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণেই দেশটির রপ্তানি কমেছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

ওএনএস জানিয়েছে, ২০২১ সালে ব্রিটিশ অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। যুক্তরাজ্যের ইতিহাসে প্রবৃদ্ধির এ হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। কিন্তু প্রবৃদ্ধির এ উচ্চমুখী ধারাও ইইউতে দেশটির রপ্তানি খাত খুব একটা অবদান রাখতে পারেনি। বরং ব্রেক্সিটের এক বছর আগে, অর্থাৎ ২০১৮ সালের তুলনায় গত বছর ইইউতে দেশটির রপ্তানি ১২ শতাংশ কমেছে।

শুধু ইইউ নয়, একই সঙ্গে বিশ্বের বাকি অংশেও ২০২১ সালে যুক্তরাজ্যের রপ্তানি কমেছে, যা শতকরা ৬ ভাগ বা পরিমাণে ১০ বিলিয়ন (এক হাজার কোটি) পাউন্ড। এতে বোঝা যাচ্ছে, করোনা ছাড়াও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি কমার একটি বড় কারণ ছিল ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা।

ওএনএস জানায়, ২০১৮ সালের তুলনায় গত বছর ইইউতে যুক্তরাজ্যের পোশাক ও জুতা রপ্তানি প্রায় ৬০ শতাংশ কম হয়েছে। এ ছাড়া খাদ্য ও জীবন্ত পশু রপ্তানি ১৮ শতাংশ, সবজি রপ্তানি প্রায় ৪০ শতাংশ এবং গাড়ি রপ্তানি ২৫ শতাংশ কমেছে।
সাসেক্স বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অর্থনীতিবিদ গুইলারমো লারবেলেস্টিয়ার বলেছেন, করোনার কারণে ভরা মৌসুমে ফসল বাছাই ও প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় সবজি রপ্তানি কমেছে। আর ব্রেক্সিটের পরে আরোপিত বাড়তি শুল্কের কারণে কমেছে পোশাকের দাম।

পাশাপাশি পণ্য আমদানিতেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে যুক্তরাজ্য। আমদানি ২০১৮ সালের তুলনায় ১৭ শতাংশ বা প্রায় ৪৫ বিলিয়ন (সাড়ে ৪ হাজার কোটি) পাউন্ড কমেছে। বরং ইইউর তুলনায় বিশ্বের অন্যান্য দেশ থেকে পণ্য আমদানিতে এখন বেশি ব্যয় করছে দেশটি। বিশ্বের বাকি অংশ থেকে আমদানি প্রায় ১৩ শতাংশ বা প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড বেড়েছে।

তবে আমদানি-রপ্তানি কমলেও এখনো যুক্তরাজ্যের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে আছে ইইউ। দেশটির ব্যবসায়ী নেতারা বলছেন, সীমান্তে বিধিনিষেধ আরোপ ও আইনি জটিলতার কারণে পণ্য রপ্তানির খরচ ও সরবরাহের সময় বেড়েছে। এ ছাড়া করোনা পরিস্থিতির কারণে ইউরোপের দেশগুলোতে যুক্তরাজ্যের গাড়ির চালান এক–চতুর্থাংশ কমেছে। পাশাপাশি বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহব্যবস্থায়ও সমস্যা রয়েছে। এর ফলে ইউরোপে পণ্যের প্রতিযোগিতামূলক বাজার হারাচ্ছে।