ইইউতে বাজারসুবিধা আরও বিস্তৃত হলো
ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান সুবিধা আরও বিস্তৃত করা হয়েছে। এর ফলে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশি তৈরি পোশাক পুরোপুরি আমদানি করা (বস্ত্রে টেক্সটাইল) উৎপাদিত হলেও শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।গতকাল বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।ইউরোপীয় ইউনিয়ন সাধারণত অগ্রাধিকার পদ্ধতির (জিএসপি) আওতায় উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য রুলস অব অরিজিন বা উৎসবিধি শিথিল করার মাধ্যমে এই সুবিধা বিস্তৃত হলো।নতুন বিধির ফলে বাংলাদেশ থেকে ইইউর বাজারে শিল্পপণ্য রপ্তানির ক্ষেত্রে বিরাজমান স্থানীয় মূল্য সংযোজন হার ৭০ থেকে কমে ৩০ শতাংশ হয়েছে। আর তাই আমদানি করা উপাদান অধিকহারে ব্যবহার করেও বাংলাদেশি শিল্পপণ্য এখন ইইউর বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।অন্যদিকে উৎসবিধি শিথিল করায় তৈরি পোশাকের বিশেষত, ওভেন পোশাকের জন্য জিএসপি সুবিধা এখন এক স্তরবিশিষ্ট হয়ে গেল। এতে করে বিশ্বের যেকোনো দেশ থেকে বস্ত্র এনে বাংলাদেশে পোশাক প্রস্তুত করেও ইইউর বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে।ইইউর বাজারে বাংলাদেশি নিট পোশাক তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ, নিট পোশাকের ৯০ শতাংশ ক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও বস্ত্র ব্যবহার করা হয়। কিন্তু ওভেন পোশাকের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশের বেশি ছিল না।কিন্তু ইইউর জিএসপিসুবিধা আরও শিথিল করায় এখন থেকে বাংলাদেশি ওভেন পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ায় আর কোনো বাধা রইল না।বিশ্বমন্দা যখন কেটে যাচ্ছে, তখন এই সুবিধার ঘোষণা আসায় আগামীতে বাংলাদেশের পোশাক ইউরোপের বাজারে আরেকটু প্রতিযোগিতাসক্ষম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।