ইইউতে বাড়তি প্রতিযোগিতায় পড়তে পারে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যনীতিতে পরিবর্তন এলে বাংলাদেশ সেখানকার বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে।
বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি হলে তা বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিদ্যমান বাজারসুবিধার ক্ষয় ঘটাবে। আবার প্রতিযোগী দেশগুলো যদি শুল্ক ছাড় বা বাজারসুবিধা পেয়ে যায়, তাহলে তা বাংলাদেশের হিস্যা কিছুটা কমাবে।
ইইউর বাজারে বাংলাদেশের নিকটতম প্রতিযোগী হিসেবে ভারত, পাকিস্তান ও ভিয়েতনামকে বিবেচনা করা হয়। এই তিনটি দেশকে ইইউ যদি শুল্কমুক্ত-সুবিধা দেয় তাহলে তার প্রভাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ২৭ শতাংশ কমে যাবে, মোট রপ্তানি কমবে দশমিক ১৭ শতাংশ আর বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি কমবে প্রায় ১ শতাংশ।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) এক গবেষণা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষক মোহাম্মদ মাসুদুর রহমান এই প্রতিবেদনটি তৈরি করেছেন।
এতে বলা হয়, যদিও ইইউর মোট আমদানির মাত্র দশমিক ৫ শতাংশ বাংলাদেশ থেকে উৎসরিত, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ যা ইইউতে। তাই বাংলাদেশ হলো ইইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিবাজার যেখানে ‘অস্ত্র বাদে সব’ পণ্য শুল্কমুক্ত-সুবিধা ভোগ করছে।
প্রতিবেদনে বিশ্লেষণ করে দেখানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে পাকিস্তানকে ইইউর বাজারে যে ‘জিএসপি প্লাস’ সুবিধা প্রদান করা হয়েছে, তা বাংলাদেশের রপ্তানিকে ক্রমান্বয়ে চাপে ফেলবে। কেননা, বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্যগুলোর এককপ্রতি দর একই ধরনের পাকিস্তানি পণ্যের এককপ্রতি দরের খুব কাছাকাছি এমনকি কোনো কোনোটির দর বাংলাদেশি পণ্যের তুলনায় কম। আর তাই কোনো শুল্ক দিতে না হলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের তুলনায় পাকিস্তানের পণ্য অধিক প্রতিযোগিতাসক্ষম হয়ে উঠবে।
অন্যদিকে ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ভারত যদি শুল্কমুক্ত সুবিধা পেয়ে যায়, তাহলে বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্যের বেশির ভাগই বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।
আবার ইইউ সম্প্রতি ভিয়েতনামের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে আলোচনা শুরু করেছে। তবে পাকিস্তান ও ভারতের তুলনায় ভিয়েতনামের প্রতিযোগিতাসক্ষমতা কম। কেননা, বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্যের সবগুলোয় ভিয়েতনাম তুলনামূলক সুবিধা অনেক কম, ইইউর বাজারেও তাদের হিস্যা অনেক কম এবং প্রায় সব পণ্যে এককপ্রতি দর বাংলাদেশের চেয়ে অনেক বেশি।
মূলত শুল্কমুক্ত-সুবিধা পেলে বস্ত্র ও তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্যে বাংলাদেশসহ এলডিসিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাবে এ দেশ তিনটি।